সিলেটে রজ্জুপথ রক্ষার সভায় 'ভক্ষকেরাও' আমন্ত্রিত!
পাথর লুটপাট করে ধ্বংসের হাত থেকে রেলওয়ের ঐতিহ্যের রজ্জুপথ (রোপওয়ে) রক্ষায় বিশেষ সভা ডেকেছে সিলেটের জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। তবে সভায় পাথর লুটপাটকারী হিসেবে চিহ্নিত কয়েকজন ‘বাংকার ভক্ষক’কেও আমন্ত্রণ জানানোয় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
তবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাসান মাহমুদ দাবি করেন, কোনো ব্যক্তিবিশেষকে দেখে নয়, সংশ্লিষ্ট সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে। রজ্জুপথ রক্ষায় ওই সভা থেকে সমস্যা চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান অবস্থা, পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যেই মূলত এই সভা আহ্বান করা হয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর কোয়ারির পাশেই বাংলাদেশের একমাত্র রজ্জুপথ বাংকার। ৩৫৯ একর আয়তনের বাংকারের জায়গা রজ্জুপথের লোডিং স্টেশন ও মূল্যবান যন্ত্রপাতি ছাড়াও রেলের নানা রকম অবকাঠামো রয়েছে। রেলের ঐতিহ্যবাহী ওই স্থাপনার দেখভাল করার দায়িত্ব ছিল আনসার বাহিনীর হাতে। আনসাররা একটানা প্রায় ১২ বছর ওই দায়িত্ব পালন করার পর তাদের প্রত্যাহার করে নিযুক্ত করা হয় রেলওয়ে নিরাপত্তা বাহিনী-আরএনবি।
সম্প্রতি সরেজমিনে জানা গেছে, দুই বছর ধরে সেখানকার মাটি খুঁড়ে পাথর লুটপাট অব্যাহত থাকায় সম্প্রতি আরএনবি পুরো স্থাপনা বিক্রির প্রস্তাব করেছে। প্রভাবশালী পাথর ব্যবসায়ীরা দুই বছরে অন্তত ৫০ কোটি টাকার পাথর লুটপাট করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত ২৮ এপ্রিল প্রথম আলোয় ‘রজ্জুপথ বিক্রির প্রস্তাব!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে জেলা প্রশাসন রজ্জুপথ রক্ষায় উদ্যোগী হয়ে বিশেষ সভা ডেকেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, রজ্জুপথের বাংকারের পাথর লুটের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বাছির ও তাঁর ছেলে পাথর ব্যবসায়ী শামীম আহমদ জড়িত। সভায় আমন্ত্রিত সংগঠন দুটি সরাসরি তাদের তত্ত্বাবধানে নিকটাত্মীয়দের মাধ্যমে পরিচালিত হয়।