সিলেটে রথের মেলা
সিলেট শহরের রিকাবীবাজার এলাকায় যেন বৈচিত্র্যের নানা পসরা বসেছে। রাস্তার দুই পাশে সারি সারি দোকান। সেসব দোকানে মাটি ও চটের তৈরি নানা ধরনের উপকরণ, শিশুদের খেলনা, কাপড়চোপড় থেকে শুরু করে পোষা পশুপাখি পর্যন্ত বিক্রি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত হাজারো মানুষের পদচারণে মুখরিত হয়ে উঠছে চারপাশ, যেন হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের মিলনমেলা বসেছে ঐতিহ্যবাহী রথের মেলাকে ঘিরে। নয় দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৯ জুন।মেলায় বেড়াতে আসা কেওয়াপাড়া এলাকার বাসিন্দা অর্জুন কান্তি চক্রবর্তী বলেন, ‘ছোটবেলা থেকে রথের মেলা আমাদের কাছে ছিল অন্য রকম এক আনন্দঘন উৎসবের নাম। কর্মজীবনে এসেও সেই উৎসব আমাদের কাছে একই আবেগ আর উচ্ছ্বাসে ধরা দেয়। মেলায় এলেই আমাদের ফেলে আসা শৈশবকে খুব মিস করি।’বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম প্রথম আলোকে বলেন, ‘মেলা মানেই মানুষে মানুষে মিলনমেলা। মেলা কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সব সম্প্রদায়ের কাছে মেলা এক ও অভিন্ন উচ্ছ্বাস নিয়ে হাজির হয়। হিন্দু ধর্মাবলম্বীদের রথটানাকে কেন্দ্র করে রিকাবীবাজার এলাকায় মেলার উৎপত্তি হলেও এটি এখন সব সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে।’