সিলেটে রমজানের দাম আগেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পবিত্র রমজান মাস শুরুর আগেই জিসিপত্রের দাম বাড়ছে। এক দিনের ব্যবধানে বিভিন্ন হাটবাজারে সবজির দাম সাত থেকে ১০ টাকা বেড়েছে।স্থানীয় প্রশাসন যথাযথভাবে বাজার তদারক না করায় দাম বাড়ছে বলে ক্রেতারা অভিযোগ করেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি-বাদল থাকায় স্বাভাবিকভাবে দাম কিছুটা বেড়েছে।নগরের বেশ কয়েকটি সবজিবাজার ঘুরে দেখা গেছে, আলু ১৪, শসা ২৮, চিচিঙা ২৫, পেঁপে ২৫, করলা ৪০, লম্বা বেগুন ৪০, মুলা ৩২, টমেটো ৮০ এবং গাজর ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ গত বুধবার পর্যন্ত এসব সবজির অধিকাংশই সাত থেকে ১০ টাকা কমে বিক্রি হয়েছে। এক দিনের ব্যবধানে সবজির দাম বেড়ে যাওয়াকে সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায় বলে মনে করছেন ক্রেতারা।নগরের বন্দরবাজার, লালবাজার, পাঠানটুলা, সুবিদবাজার, মীরাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, মেজরটিলা, আখালিয়া, আম্বরখানা, শাহী ঈদগাহ, বালুচরসহ সবকটি সবজিবাজারের ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একইভাবে মুদি দোকানগুলোতে চিনি প্রতি কেজি ৭২ টাকা এবং সয়াবিন তেল লিটারপ্রতি ১২৬ টাকায় বিক্রি হওয়ায় স্থানীয় প্রশাসনের যথাযথ বাজার তদারকি না হাওয়াকে দায়ী করেছেন ভুক্তভোগীরা।লালবাজার এলাকার সবজিবাজারে কথা হয় চালিবন্দর এলাকার বাসিন্দা আমিনুর রহমানের সঙ্গে। তিনি অনেকটা অসহায় ভঙ্গিতে বলেন, ‘এখনই বাজারের যা অবস্থা, রোজার মাসে যে কীভাবে চলব, সেটা ভেবেই চোখে অন্ধকার দেখছি।’কামালগড় এলাকার গৃহিণী আমেনা আক্তার বলেন, ‘বুধবার টমেটো প্রতি কেজি কিনেছি ৭০ টাকায়, বৃহস্পতিবার একই টমেটো ৮০ টাকায় কিনতে হয়েছে। এক দিনের ব্যবধানে প্রতি কেজির দাম কীভাবে ১০ টাকা বাড়তে পারে, তা আমার মাথায় ঢুকছে না। এবার রমজানটা বড় কষ্টে কাটবে মনে হচ্ছে।’ সবজির দাম এক দিনের ব্যবধানে এত বাড়ল কীভাবে—এই প্রশ্ন করলে বন্দরবাজার এলাকার এক সবজি ব্যবসায়ী এই প্রতিনিধির ওপর উত্তেজিত হয়ে বলেন, ‘দাম বেড়েছে, তো কী করবেন? জেলে দিবেন নাকি? যান যান! নিউজ করেন।’ ইব্রাহিম মিয়া নামের আরেক ব্যবসায়ী বলেন, পাইকারি বাজারে আড়তদারেরা দাম বাড়ানোর কারণে সবজির দাম হুট করেই বেড়েছে। এতে খুচরা বাজারে ক্রেতাদের দুর্ভোগ হলেও কিছু করার নেই বলে তিনি মন্তব্য করেন।সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শহীদুল আলম বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ী নেতা, সিটি করপোরেশনের কর্মকর্তাসহ প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। কয়েক দিনের মধ্যে এ অভিযান শুরু হবে এবং পুরো রোজায় ধারাবাহিকভাবে চলবে।দ্রব্যমূল্য অসহনীয় মাত্রায় বেড়ে যাওয়ায় কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে আলাপ-আলোচনা করেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে আরও কয়েকবার ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করব। অযাচিতভাবে কোনো ব্যবসায়ী যাতে দাম বাড়াতে না পারেন, সেটা আমাদের বাজার তদারক দল নিয়মিত তদারক করবেন।’