সিলেটে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট বিভাগীয় পর্ব গতকাল শুক্রবার বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট বিভাগের বিভিন্ন কলেজের এইচএসসি ও ‘এ’ লেভেলের শিক্ষার্থীরা অংশ নেয়। বাংলাদেশ রসায়ন সমিতি এ প্রতিযোগিতা আয়োজন করে৷
সিলেট বিভাগীয় পর্বে স্কলার্সহোম কলেজের কাজী নাফিজ আক্তার প্রথম, জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের মিনহাজুল আবেদীন ও এমসি কলেজের আতিক বিন কামরুল যৌথভাবে দ্বিতীয় এবং এমসি কলেজের বহ্নিশিখা রায় তৃতীয় হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে রসায়ন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। এতে বিজয়ী ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। রসায়ন বিভাগের শিক্ষক বেলাল আহমেদ জানান, গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপাচার্য আমিনুল হক ভূইয়া। এ ছাড়া বেলা ১১টা থেকে এক ঘণ্টার মূল অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।