সিলেটে রাগীব আলীর পত্রিকার প্রকাশনা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

* দৈনিক পত্রিকা সিলেটের ডাক-এর প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করেছেন সিলেটের জেলা প্রশাসক * ৩৩ বছরের পুরোনো পত্রিকাটি গতকাল ৩২৫তম সংখ্যা প্রকাশ করে  * রাগীব আলীর ছেলেসহ আরও তিন সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা হয়

গতকাল রোববার প্রকাশনা বাতিলের নোটিশ পত্রিকা অফিসে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার প্রথম আলোকে বলেন, পত্রিকাটির প্রকাশক রাগীব আলী ও সম্পাদক আবদুল হাই আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হওয়ায় আইন মোতাবেক প্রকাশনা বাতিল করা হয়েছে।

যোগাযোগ করলে সিলেটের ডাক-এর প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে প্রকাশনা বাতিল-সংক্রান্ত জেলা প্রশাসনের চিঠি বিকেলে হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পত্রিকা কর্তৃপক্ষ এ বিষয়ে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

৩৩ বছরের পুরোনো পত্রিকাটি গতকাল ৩২৫তম সংখ্যা প্রকাশ করে। রাগীব আলীর মালিকানাধীন এ পত্রিকা সিলেটের সর্বাধিক প্রচারিত দৈনিক।

জেলা প্রশাসন সূত্র জানায়, পত্রিকার সম্পাদক ছিলেন রাগীব আলীর ছেলে আবদুল হাই। দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখলের মামলার আসামি হওয়ার পর পর আবদুল হাইয়ের বদলে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় একজনকে। পরে মামলার রায়ে সাজাপ্রাপ্ত হলেও রাগীব আলীর নাম পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে রেখে পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখা হয়। এ ব্যাপারে একাধিক নোটিশ জারির পর পত্রিকা প্রকাশনা বাতিল ঘোষণা করা হয়।

সিলেট নগরের পাঠানটুলায় দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগান ভুয়া সেবায়েত সেজে ও ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জাল করে দখল করা হয়। ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের সিদ্ধান্ত হলে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে দখলদার রাগীব আলী, তাঁর ছেলেসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। ২০১৬ সালের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে মামলা দুটি পুনরুজ্জীবিত করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়।

সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে দুটি মামলার বিচারে রাগীব আলী, তাঁর ছেলেসহ পরিবারের আরও তিন সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা হয়। রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাই বর্তমানে কারাগারে আছেন।