সিলেটে রাত ১২টার পর থেকে ট্রাক চলাচলের দাবি
সিলেট নগরে শুধু রাতে ট্রাক চলাচলের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন আম্বরখানা বাজার ব্যবসায়ীরা। গতকাল সোমবার সকালে পুলিশ কমিশনার মো. কামরুল আহসানের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
‘ট্রাক চলুক রাত ১২টার পর’—এই দাবিতে প্রায় মাসব্যাপী জনমত গঠনের বিভিন্ন কর্মসূচি পালনের পর প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানালেন ব্যবসায়ী নেতারা।
স্মারকলিপিতে বলা হয়েছে, নগরের অন্যতম কেন্দ্রস্থল আম্বরখানা মোড়। বিমানবন্দর সড়ক ও সিলেট-সুনামগঞ্জ সড়কসহ প্রস্তাবিত এশিয়ান মহাসড়কও আম্বরখানা মোড়ের সঙ্গে মিলিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই মোড় অতিক্রম করে বিমানবন্দর ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হয়। গুরুত্বের বিবেচনায় প্রতিদিন বিকেল পাঁচটার পরিবর্তে রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত ট্রাক চলাচল করলে ব্যবসায়ীসহ আম্বরখানা মোড় দিয়ে চলাচলকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবেন।
এ ছাড়া স্মারকলিপির মাধ্যমে আম্বরখানা এলাকায় অবৈধ স্ট্যান্ড ও দখল হওয়া ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। স্মারকলিপি দেওয়ার সময় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ ও সৈয়দ তৌফিকুল হাদী, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটি সিলেটের একটি ঐতিহ্যবাহী সংগঠন। মানুষের কল্যাণে এই সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। স্মারকলিপিতে যেসব সমস্যা চিহ্নিত হয়েছে, তা অনেক দিন ধরে চলে আসছে। এসব সমস্যা সমাধানে শিগগিরই কার্যকর ভূমিকা নেওয়া হবে।