সিলেটে রাতে বাসে আগুন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কিন ব্রিজের মুখে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গেলেও ১০ থেকে ১৫ মিনিটের মাথায় আগুনে পুরো বাসটি ভসঞ্চীভূত হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। বাসটি কিন ব্রিজের মুখে দাঁড়ানো ছিল। যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসে আগুন দেখে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। স্থানীয় লোকজন জানান, রাত আটটায় কিন ব্রিজের সামনে জগন্নাথপুরগামী বাসটির (নম্বর সিলেট-জ-০৪০১৩৬) চালক ডেকে ডেকে যাত্রী তুলছিলেন। বাসে পাঁচজন যাত্রী ওঠার সময় তিনটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত দাহ্য পদার্থ ছিটিয়ে বাসে আগুন জ্বালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসের চালক হেলাল আহমদ জানান, তিনি তখন অদূরে চা খাচ্ছিলেন। আগুন জ্বালানো মাত্র ভেতরে থাকা পাঁচ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেন। ১০ থেকে ১৫ মিনিটের মাথায় বাসটি পুড়ে ভসঞ্চীভূত হয়। ঘটনাস্থলে থাকা দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, ভস্মীভূত বাসটি ঘটনাস্থল থেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।