সিলেটে রাস্তায় রাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো এলাকার ট্রান্সফরমার বিকল হলে পুনঃস্থাপন করতে বিদ্যুৎ বিভাগের দুই চাকার ভ্রাম্যমাণ ট্রান্সফরমার সংযোজন করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়। তখন ঘণ্টা খানেকের জন্য ব্যবহূত হয় ভ্রাম্যমাণ ট্রান্সফরমার।
কিন্তু সিলেট নগরের শিবগঞ্জ-সোনারপাড়া ও রায়নগর এলাকায় ভ্রাম্যমাণ ট্রান্সফরমার ব্যস্ততম রাস্তায় রেখে উন্মুক্ত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রায় এক মাস ধরে চলছে।
বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার পুনঃস্থাপন না হওয়ায় রাস্তার ট্রান্সফরমারও অপসারণ হচ্ছে না। ঝুঁকি নিয়ে চলাচল করছে ওই দুই এলাকার স্কুলশিক্ষার্থীসহ পথচারীরা। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ট্রান্সফরমার শাখা সূত্র জানায়, অনেকটা ভ্যানগাড়ির আদলে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার স্থাপন সাধারণত ঘণ্টা খানেকের জন্য হয়। জরুরি প্রয়োজনে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহের সময় ক্ষণ বাড়ানো হয়। তবে কোনোভাবে ২৪ ঘণ্টার বেশি কোথাও রাখার নিয়ম নেই।
স্থানীয়রা জানান, শিবগঞ্জ-সোনারপাড়া এলাকায় গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আকস্মিক বজ্রপাতে এলাকার বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার বিকল হয়। পুরো এলাকা একদিন বিদ্যুৎবিহীন থাকার পর বিকল ট্রান্সফরমার অপসারণ করে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। একইভাবে দুই সপ্তাহ আগে রায়নগর এলাকায় ট্রান্সফরমার বিকল হলে একটানা প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল এলাকা। এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সেখানেও বসানো হয় ভ্রাম্যমাণ ট্রান্সফরমার। শিবগঞ্জ-সোনারপাড়া ও রায়নগর এলাকায় রাস্তার এক পাশে একধরনের খাঁচার বেষ্টনী দিয়ে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার রাখা। তাতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে উন্মুক্তভাবে। দুই এলাকায়ই মূল রাস্তায় ভ্রাম্যমাণ ট্রান্সফরমার রাখায় যানবাহন চলাচলও বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি কিন্ডারগার্টেনসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পথ চলতে গিয়ে ঝুঁকির মুখে পড়ছে। শিবগঞ্জ-সোনারপাড়ায় হিলসিটি একাডেমি স্কুল ও সেন্ট্রাল উইমেন্স কলেজ এবং রায়নগরে গ্রিন বেঙ্গল স্কুল ও শাহমীর সরকারি প্রাথমিক স্কুল থাকায় শিক্ষার্থীদের ট্রান্সফরমারের গা ঘেঁষে পথ চলতে দেখা যায়। ট্রান্সফরমারে কোনো সতর্কতা নির্দেশক না থাকায় কৌতূহলীদের উঁকিঝুঁকি মারতেও দেখা যায়।
সোনারপাড়ার বাসিন্দা আলাউদ্দিন আহমদ বলেন, রাস্তায় ট্রান্সফরমার থাকায় পাশ দিয়ে যেতে বড়দেরই ভয় লাগে। স্কুলগামী ছোট শিশুদের নিয়ে এ ভয় আরও বেশি। শাহমীর স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সমর পারভেজ জানায়, স্কুলে যেতে প্রতিদিনই তার বাবা-মা রাস্তার পাশে রাখা লোহার খাঁচার কাছাকাছি দিয়ে যেতে বারণ করে দেন। পারভেজ বলে, ‘রাস্তাত বাইর অইলেই ডর (ভয়) লাগে!’ সিলেটের বিদ্যুৎ বিতরণ বিভাগ-২-এর (ট্রান্সফরমার) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম স্বীকার করেন এগুলো জরুরি অবস্থা মোকবিলায় ঘণ্টা খানেকের জন্য এভাবে রাস্তায় বসানো হয়।
তিনি জানান, ওই দুই এলাকার বিকল ট্রান্সফরমারগুলো মেরামত করার জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে ট্রান্সফরমারগুলো পাওয়া যাওয়ার কথা। তখন রাস্তার ট্রান্সফরমার তুলে নেওয়া হবে।