সিলেটে রায় ৩০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিডিআর বিদ্রোহের মামলায় ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বুধবার যুক্তি-তর্ক সম্পন্ন হয়েছে। ৩০ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে। বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী শনিবার যুক্তি-তর্ক অনুষ্ঠিত হবে। এ ছাড়া খাগড়াছড়িতে ২৯ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় গতকাল তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।আদালত সূত্র জানায়, বিডিআরের সিলেট সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৪-তে গতকাল যুক্তি-তর্ক শুরু হয় সকাল সাড়ে আটটায়। আসামিদের পক্ষের যুক্তি খণ্ডন করে মামলার কৌঁসুলি ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল্লাহ বলেন, ‘বিডিআর ছিল একটি সুশৃঙ্খল বাহিনী। বিদ্রোহের ঘটনাটি বাহিনীর ইতিহাসে কলঙ্ক লেপন করেছে। কঠোর শাস্তির মাধ্যমে এ বাহিনীকে কলঙ্কমুক্ত করতে হবে।’ কৌঁসুলির বক্তব্য শেষে ৩০ ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করেন আদালতের সভাপতি বিডিআরের কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ফরহাদ।বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচারে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জতে অবস্থিত রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএনএস) গঠিত বিশেষ আদালত-১৬-তে গতকাল সকাল নয়টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। তিন দিনে মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের সভাপতি ও রাঙামাটি বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল বশিরুল আগামী শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। বিচারে সরকারপক্ষে কৌঁসুলি ও নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম জানান, সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী শনিবার সাক্ষীদের সাক্ষ্যের ওপর বাদী-সাক্ষী ও অভিযুক্তদের যুক্তি-তর্ক এবং আসামিদের পক্ষে সাফাই সাক্ষী থাকলে শোনা হবে।খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে ২৯ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৭ জন জওয়ানের বিরুদ্ধে গতকাল তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল ১৪ জন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে তিন দিনে মোট ২১ জন সাক্ষ্য দিলেন। পরে আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক প্যানেলের সভাপতি বিডিআরের চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।