সিলেটে রিকশাভাড়া নিয়ন্ত্রণহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের নাইওরপুল থেকে বারুতখানার দূরত্ব আধা কিলোমিটারের কম হবে। রিকশায় ওঠার আগে চালক জানালেন, নাইওরপুল থেকে বারুতখানা যেতে ভাড়া লাগবে ১০ টাকা। তাঁর বক্তব্য, ‘পুষাইলে ওঠেন, না পুষাইলে বাদ দেন।’ রিকশাচালকের কথা শুনে এক যাত্রী ক্ষুব্ধ হয়ে বলেন, ‘ভাড়া পাঁচ টাকা, ১০ টাকা দেব কেন?’ ভাড়া নিয়ে বনিবনা না হওয়ায় দুজনের মধ্যে খানিক বাগিবতণ্ডা চলে। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে আশপাশের লোকজন ছুটে এসে ঝগড়া থামায়।গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দৃশ্য এটি। এ রকম দৃশ্য নগরের প্রায় সব এলাকায় দেখা যায়। যাত্রী-রিকশাচালকদের মধ্যে এ রকম ঘটনা নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের অভিযোগ, সিটি করপোরেশন কর্তৃক দূরত্ব মোতাবেক নির্দিষ্ট ভাড়া নির্ধারিত না হওয়ায় যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, সিলেট নগরসহ আশপাশে নিবন্ধন তালিকাভুক্ত প্রায় ১৫ হাজার রিকশা প্রতিদিন চলাচল করছে। এ তালিকার বাইরে আরও প্রায় ৪০ হাজার রিকশা চলাচল করছে। রিকশাচালকদের পক্ষে ভাড়া বেশি নেওয়ার যুক্তি হচ্ছে, সিলেট প্রবাসী-অধ্যুষিত অঞ্চল। সংগত কারণেই এখানে টাকার আধিক্য বেশি। এ কারণেই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়।কালীবাড়ী এলাকার বাসিন্দা মৃত্যুঞ্জয় দাশ বলেন, ‘আমি মধ্যবিত্ত ঘরের মানুষ। তাই রিকশায় করেই শহরে চলাচল করতে হয়। কিন্তু রিকশাচালকেরা ১০ মিনিটের রাস্তা যেতে হলে ২০-২৫ টাকা চেয়ে বসে। এটা রীতিমতো ডাকাতি। রিকশাভাড়া দিতে গিয়ে রীতিমতো ফতুর হয়ে যাচ্ছি। নিয়ন্ত্রণহীন ভাড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে রয়েছে।’নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক আইনজীবী সমর বিজয় সী শেখর বলেন, নগরের সব জায়গায় যাত্রী হয়রানি ও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নগরবাসী রিকশা-বিড়ম্বনার কথা সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের কাছে জানিয়ে আসছে। তাই জরুরি ভিত্তিতে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের ভাড়া নীতিমালা প্রস্তুতের উদ্যোগ নেওয়া উচিত।সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রিকশাভাড়া নির্ধারণ কমিটির সদস্য ফরহাদ চৌধুরী বলেন, ‘বছর খানেক আগে নগরে রিকশায় চলাচলকারী যাত্রীদের সুবিধার্থে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি মাত্র একটি সভা করেছে। সভায় আমরা কয়েকজন কাউন্সিলর ওয়ান-ইলেভেনকালে অবৈধভাবে প্লেট পাওয়া রিকশাগুলো বন্ধের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। এমনকি আজ পর্যন্ত রিকশাভাড়া নির্ধারণেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, বেশ আগে নগরের ভেতর রিকশা চলাচলকারী যাত্রীদের সুবিধার্থে একটি ভাড়া নীতিমালা প্রণীত হয়েছিল। কিন্তু সেটি আর বাস্তবতা পায়নি। নীতিমালাটি বাস্তবায়নে শিগগির উদ্যোগ নেওয়া হবে। এটি বাস্তবায়ন হলে নগরের গুরুত্বপূর্ণ স্থানে ভাড়াসংবলিত সাইনবোর্ড টাঙানো হবে। এতে করে যাত্রীরা নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারবে।