সিলেটে রিজওয়ানা হাসানকে সংবর্ধনা
র্যা মন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ পরিবেশ আইবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানকে সিলেটে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের সুশীল সমাজের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। সৈয়দা রিজওয়ানা হাসান সংবর্ধনা পরিষদের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। শুরুতে রিজওয়ানা হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ। ক্রেস্ট প্রদান শেষে সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের অন্তত ২০টি সংগঠন সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস, সাবেক সাংসদ নাজিম কামরান চৌধুরী, মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির বিন আলম ও তাহমিনা ইসলাম। সংবর্ধিত অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি সিলেটের মেয়ে। তাই নিজের এলাকায় এ ধরনের একটি অনুষ্ঠান আমাকে অনুপ্রাণিত করল। পরিবেশের জন্য আমি এই সমঞ্চান পেয়েছি। তাই স্বভাবতই দেশের সব অঞ্চলের পরিবেশ যেন আমরা সুরক্ষা করতে পারি—এ প্রত্যাশা থাকবেই।’ তিনি আরও বলেন, ‘আপনি, আমি, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে পারি।’