সিলেটে রূপনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এগ্রিকালচার ইনস্টিটিউটের শিক্ষার্থী রূপন দেবনাথের (২৪) খুনিদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের দাবিতে তাঁর সহপাঠীরা নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই মানবববন্ধন হয়।
এতে রূপনের পরিবারের সদস্যরা ছাড়াও তাঁর সহপাঠীরা অংশ নেন। রূপনের খুনিরা গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন থেকে উদ্বেগ প্রকাশ করে তাঁরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি করেন। অন্যথায় শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারিও দেন।
সিলেটের খাদিমনগরে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের (এটিআই) ডিপ্লোমা কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী রূপন নগরের বাগবাড়ি এলাকার একটি মেস থেকে গত ২৫ আগস্ট নিখোঁজ হন। প্রায় এক সপ্তাহ পর ৩ সেপ্টেম্বর তাঁর মুখমণ্ডল পোড়ানো অবস্থায় লাশ পাওয়া যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার একটি হাওরে।
যোগাযোগ করলে ইটনা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আকন্দ জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পুলিশের হাতে পৌঁছায়নি। এটি পেলে হত্যার ধরন দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালানো হবে।