সিলেটে রেস্তোরাঁয় হামলা, মালিকসহ গুলিবিদ্ধ ৩
সিলেট নগরের তালতলায় গতকাল বুধবার সন্ধ্যায় একটি রেস্তোরাঁর মালিকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের তিনটি গুলির খোসা উদ্ধার করেছে। হামলাকারীরা যুবলীগের কর্মী বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নগরের তালতলা এলাকার ফেমাস রেস্টুরেন্টের সামনে সন্ধ্যা ছয়টায় যুবলীগের কর্মী রেজোয়ান আহমদ পানদোকানদারের সঙ্গে ঝগড়া করেন। এর জের ধরে কিছুক্ষণ পর ১০-১২ জন যুবককে নিয়ে রেজোয়ান ওই রেস্তোরাঁয় হামলা চালিয়ে অভ্যর্থনাকক্ষ ভাঙচুর করেন। এ সময় রেস্তোরাঁর মালিক সামিরুল ইসলাম (২৭) বাধা দিলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর ছোট ভাই সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র দিলাল আহমদ (২৪) ও পানদোকানদার লিটন মিয়া (২৬) গুলিবিদ্ধ হন। দিলালের পায়ে এবং লিটনের ঘাড়ে গুলি লাগে। তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রেস্তোরাঁর পার্শ্ববর্তী ব্যবসায়ীরা অভিযোগ করেন, হামলাকারীরা ঘটনার পরপরই ‘জয় বাংলা...’ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘হামলাকারী একজনের নাম রেজোয়ান আহমদ বলে জানা গেছে। তবে তাঁদের রাজনৈতিক পরিচয় উদ্ঘাটন করতে পুলিশ চেষ্টা করছে।’ সিলেট নগর যুবলীগের সভাপতি সৈয়দ শামীম আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রেজোয়ান নামে কোনো কর্মীকে চেনেন না বলে জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসী ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কেউ ঘটনা ঘটিয়ে দলীয় স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে পারে।’