সিলেটে রোববার আবার হরতাল ডেকেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের চার জেলায় আগামী রোববার আবার হরতাল ডেকেছে জেলা ও মহানগর জামায়াত। গত বুধবার জামায়াতের হরতালে বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে জামায়াতের এক কর্মী নিহত এবং এ ঘটনায় পুলিশের মামলা ও হয়রানির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জেলা ও মহানগর জামায়াত সিলেটে রোববার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল আহ্বান করে। জামায়াতের দলীয় সূত্র জানায়, বিশ্বনাথে তাদের কর্মীকে হত্যার ঘটনার পরপরই জেলা ও মহানগর জামায়াত জরুরি বৈঠক করে ‘হত্যাকারী পুলিশ’ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। ওই সময় পার হলে পরে গত শনিবার নতুন কর্মসূচি ঘোষণার কথা নেতারা জানিয়েছিলেন। মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ আবদুল হাই হারুন হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কর্মীকে গুলি করে হত্যার পর উল্টো মামলা দিয়ে পুলিশি হয়রানির প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।’গত বুধবার সকাল সাড়ে সাতটায় বিশ্বনাথে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জামায়াতের কর্মী গোলাম রব্বানী। দুটি মামলা: পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় বিশ্বনাথ থানায় বুধবার রাতে দুটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা জামায়াতের নায়েবে আমির ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীকে প্রধান আসামি করে দুই মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে আরও ১৭০-১৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা দুটির বাদী থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন। মামলা দুটির মধ্যে ১১ নম্বর মামলাটি দ্রুত বিচার আইনে ও ১২ নম্বর মামলাটি পুলিশ এসল্ট মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির এইচ এম আখতার ফারুক, উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবদুস জহির, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মতিউর রহমান ও দেওকলস ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আবদুল মজিদ মেম্বার। পল্লী বিদ্যুৎ স্টেশনে হামলার চেষ্টা: হরতাল চলাকালে নাশকতা সৃষ্টির জন্য জামায়াতের কর্মীরা বিশ্বনাথের পল্লী বিদ্যুৎ স্টেশনে হামলার চেষ্টা করেছিল। গত বুধবার ঘটনার পরপরই সিলেটে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।