সিলেটে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা মহানগর বিএনপির এক নেতাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছেন।গত বৃহস্পতিবারের সংঘর্ষে রড নিয়ে থাকা এক যুবককে র্যাব-৯ এর সদস্যরা গতকাল বিকেলে গ্রেপ্তার করেছেন। গতকাল রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সংঘটিত অস্ত্রের মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পত্রপত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা যায়, লোহার রড হাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন এক যুবক। গতকাল বিকেল পাঁচটায় সদর উপজেলার পিটারগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর নাম লোকমান (৩০)। সদর উপজেলার হাটখোলা এলাকায় তাঁর বাড়ি। তাঁকে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, নগরের চৌকিদেখী এলাকার বাসিন্দা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরীকে রোববার রাতে তাঁর বাসা থেকে এবং জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমানকে শাহী ঈদগাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলার মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক সৈয়দ আনিসুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় এ নিয়ে গত চার দিনে পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তারের সংখ্যা ১২ জনে দাঁড়াল।এদিকে অস্ত্রধারী হিসেবে শনাক্ত হওয়া ছাত্রদলের ক্যাডার কুহিনূরের পরিবার গতকাল দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এতে লিখিত বক্তৃতায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালপার গ্রামের বাসিন্দা কুহিনূরের স্ত্রী লাকি বেগম অস্ত্রের মহড়ায় তাঁর স্বামীর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। প্রায় একই সময় সিলেট প্রেসক্লাবে শাহরিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন মহানগর বিএনপি সংবাদ সম্মেলন করে ওই সংঘর্ষে কুহিনূরের উপস্থিতি অস্বীকার করেছে।