সিলেটে লক্কড়ঝক্কড় গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপের সুযোগ নিয়ে সিলেটের বিভিন্ন পথে হাজার খানেক ফিটনেসবিহীন গাড়ি নামানো হয়েছে। কয়েকটি বাসস্ট্যান্ড ঘুরে পরিবহন মালিক ও শ্রমিকনেতা, চালক এবং যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
কয়েকজন গাড়িচালক বিষয়টি স্বীকার করে বলেন, ঈদের সময় যাত্রীর সংখ্যা বাড়ে। তাই গাড়ির চাহিদাও বেড়ে যায়। সেই সুযোগে মালিকেরা তাঁদের দীর্ঘদিনের পুরোনো, লক্কড়ঝক্কড় গাড়ি কিছুটা মেরামত আর রঙ করে বাড়তি মুনাফার জন্য রাস্তায় নামান। এ সময় চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করা ব্যক্তিরাও চালক বনে যান।
১৬ জুলাই সরেজমিন ঘুরে কদমতলী ও কুমারগাঁও-সিলেটের দুটি বাসস্ট্যান্ডে বিপুলসংখ্যক গাড়ি সারি সারি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এগুলোর বেশির ভাগের গায়েই নতুন রঙ, আর ভেতরে করুণ দশা। একই চিত্র দেখা যায় স্টেশন রোড, আম্বরখানা, সোবহানীঘাট এলাকার বাসস্ট্যান্ডগুলোতেও।
ভৈরবগামী একটি বাসের চালক খায়রুল হক বলেন, ‘ভাই, বুঝেন তো? ঈদের সময় মানুষ বাড়িত যাইতে পাড়াপাড়ি করে। গাড়ি ভালা না ভাঙা সেইটা কুনু বিষয় না। কুনুমতে বাড়িত যাইতে পারলেই হইল। এই ফাঁকে মালিকেরাও কামায় লয় আরকি।’ ওই গাড়িরই যাত্রী ইসমাইল হোসেন এ সময় ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘ওঠার সুময় ট্যারই পাই নাই গাড়ির কন্ডিশন এত খারাপ। এট্টু আগে ড্রাইভার যখন গাড়ির মোড় ঘুরাইতেছিল, তখন গাড়িডা পুরা লড়বড় করতেছিল। জানি না, পুরা পথ কেমনে যামু।’
বাসে চলাচলকারী দিরাইগামী স্কুলশিক্ষক শাহাবউদ্দিন মিয়া জানান, সবচেয়ে বেশি খারাপ সিলেট থেকে সুনামগঞ্জ ও দিরাই পথে চলাচলকারী বাসগুলো। গাড়ির ছাদ, জানালা, এমনকি নিচের অংশও ভাঙা। প্রকাশ্যে এসব গাড়ি রাস্তায় চললেও প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ফিটনেসবিহীন গাড়ির চলাচল ঠেকাতে বিআরটিএ নিয়মিত অভিযান চালাচ্ছে। ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানো হবে।
আন্তজেলা বাস মালিক সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, সিলেট নগর ও শহরতলির প্রধান পাঁচটি বাসস্ট্যান্ড থেকে গত ১০ দিনে অন্তত এক হাজার ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো হয়েছে।
ফিটনেসবিহীন গাড়ি নামানোর বিষয়টি স্বীকার করে সিলেট আন্তজেলা বাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক এম এ সত্তার মামুন বলেন, ‘ঈদের এ সময়টাতে এ ধরনের বাসের সংখ্যা অন্য সময়ের তুলনায় বাড়ে। তবে এ অবস্থা রোধে সমিতির পক্ষ থেকে আন্তরিক চেষ্টা করা হচ্ছে। কিন্তু উপচেপড়া যাত্রীদের কারণে অনেক সময় তা রোধ করা আমাদের পক্ষেও সম্ভব হয় না।’