সিলেটে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গত কয়েক দিনের প্রচণ্ড দাবদাহে মানুষ এমনিতেই হাঁপিয়ে উঠেছে। এর মধ্যে দিনে ৮ থেকে ১০ বার লোডশেডিং হচ্ছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা গতকাল রোববার বিকেলে শহরতলির শাহ পরান গেট এলাকায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে। নগরবাসী বলছে, তিন দিন ধরে সিলেটে সবচেয়ে বেশি গরম পড়েছে। এ অবস্থায় যেন গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। নগরের জেলরোড, হাওয়াপাড়া, বারুতখানা, পূর্ব জিন্দাবাজার, জিন্দাবাজার, বন্দরবাজার, দাড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল, তালতলা, কাজিরবাজার, কালীঘাট, শিবগঞ্জ, সোনারপাড়া, মীরাবাজার, দর্জিপাড়া, রায়নগর, সেনপাড়া, টিলাগড়, শাপলাবাগ, লালবাজার, রিকাবীবাজার, লামাবাজার, বিলপাড়, শেখঘাট, সুবিদবাজার, পাঠানটোলা, বাগবাড়িসহ বিভিন্ন এলাকায় লোডশেডিং বেশি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। কয়েক দিন ধরে এসব এলাকায় দিনে ৮ থেকে ১০ বার লোডশেডিং হচ্ছে।সিলেটের আবহাওয়া অফিস সূত্র জানায়, গত শুক্রবার ও শনিবার সিলেটে তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার বিকেল সোয়া চারটায় আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, রোববার সিলেটে সর্্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিদ্যুৎ বিভাগের সিলেট কার্যালয়ের দাবি, বৃহত্তর সিলেটে ১৮০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ করা হয়। তবে বিভিন্ন এলাকার বাসিন্দারা বলছেন, বিদ্যুৎ বিভাগের ওই হিসাব অসত্য। বারুতখানা এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান জানান, গতকাল রোববার সকাল থেকে বেলা সাড়ে তিনটার মধ্যে অন্তত পাঁচবার লোডশেডিং হয়েছে। দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা কলেজছাত্র শাহীনূর রব বলেন, ‘তিন ধরে বিদ্যুৎ এই আসে-এই যায়। এ কারণে রাতে পড়াশোনা করতে পারি না।’ ভাতালিয়া এলাকার গৃহিণী সানজিদা ইয়াসমিন বলেন, ‘বিদ্যুৎ না থাকায় মোটর দিয়ে ঠিকমতো পানিও তুলতে পারছি না। তাই গৃহস্থালির কাজ সারতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’ শহরের চেয়ে শহরতলিতে বিদ্যুৎবিভ্রাট বেশি ঘটছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। শাহ পরান গেট, নোয়াগাঁও, বাহুবল, খাদিমনগর, শেখপাড়া, ত্রিমুখী, কুমারগাঁওসহ শহরতলির প্রায় এলাকায় একবার বিদ্যুৎ চলে গেলে তা কয়েক ঘণ্টা পর আসে বলে অভিযোগ পাওয়া গেছে।সিলেট সদর উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা প্রবীর দেবনাথ গতকাল বিকেলে বলেন, ‘গত শনিবার সন্ধ্যা থেকে রোববার বিকেল পর্যন্ত শহরতলির নোয়াগাঁও ও শাহ পরান গেট এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গরমের অসহ্য যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারিনি, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেনি।’গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সিলেট সদর উপজেলার শাহ পরান গেট ও নোয়াগাঁও এলাকার বাসিন্দারা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে। তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিকেল সাড়ে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।বিদ্যুৎ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিনের মাত্রাতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। এতে একটু বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। এ ছাড়া শাহ পরান গেট এলাকার ট্রান্সফরমারটি বিকল হয়ে যাওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার ওই এলাকার ট্রান্সফরমারটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়টুকু ওই এলাকার বাসিন্দাদের একটু ধৈর্য ধরতে হবে।’