সিলেটে শতভাগ শিক্ষার্থী পাস করা স্কুল বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিই গত বছরের চেয়ে বেড়েছে। বেড়েছে শতভাগ শিক্ষার্থী পাস করা বিদ্যালয়ের সংখ্যা। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফলে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এবার পাসের হার ৮৩ দশমিক ৩৪ ভাগ। গতবার তা ছিল ৬১ দশমিক ৯৭ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ৭৪৮ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিল ২০৩ জন। এবার ৯২ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৭৭ হাজার ২৩৫ জন।সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গত বছরের তুলনায় আমাদের বোর্ডের ফলাফল অনেক ভালো হয়েছে। এটি শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত অর্জন। এ অর্জনকে আমরা আগামীতে আরও বাড়াতে এখন থেকেই মনোযোগী হব। সার্বিক ফলাফলে আমরা খুব খুশি।’ছেলেরা এগিয়ে: এবারের ফলাফলে মেয়েদের চেয়ে ছেলেরা সব দিক দিয়ে এগিয়ে রয়েছে। এবার ছেলে পরীক্ষার্থী ছিল ৪০ হাজার ৩০০ জন। মেয়ে পরীক্ষার্থী ৫২ হাজার ৩৭৫ জন। এর মধ্যে ৩৩ হাজার ৮৭৩ জন ছেলে এবং ৪৩ হাজার ৩৬২ জন মেয়ে পাস করেছে। ছেলেদের গড় পাসের হার ৮৪ দশমিক ৫ শতাংশ এবং মেয়েদের গড় পাসের হার ৮২ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ছেলে ৩৯৭ জন ও মেয়ে ৩৫১ জন। শতভাগ পাস বেড়েছে: শতভাগ শিক্ষার্থী পাস করা বিদ্যালয়ের সংখ্যা এবার বেড়েছে। ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই পরীক্ষায় পাস করেছে। গত বছর ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এ কৃতিত্ব অর্জন করেছিল। গত বছর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সে দুর্নাম নেই।মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে: সিলেট শিক্ষা বোর্ডে সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এগিয়ে। বিভাগীয় শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে তালিকায় স্থান করে নিয়েছে ১১টি বিদ্যালয়। এর মধ্যে রয়েছে মৌলভীবাজারের দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল হাইস্কুল, দি ফ্লাওয়ারস কেজি অ্যান্ড হাইস্কুল, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি হাইস্কুল, জুড়ী হাইস্কুল, বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল; হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হবিগঞ্জ সরকারি হাইস্কুল, মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি হাইস্কুল এবং সুনামগঞ্জের সরকারি জুবিলী হাইস্কুল ও সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়।সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় পঞ্চম স্থান অর্জন করা সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, ‘মফস্বলের বিদ্যালয়গুলোর ইতিবাচক ফলাফল আমাদের আশান্বিত করেছে। তা ধরে রাখতে পারলে গ্রামীণ শিক্ষাব্যবস্থার দারুণ উৎকর্ষ সাধিত হবে।’