সিলেটে শহীদ চিকিৎসকদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেট সদর হাসপাতালে (শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল) কর্তব্যরত অবস্থায় পাকিস্তানি সেনাদের হাতে নির্মমভাবে প্রাণ হারান চিকিৎসক শামসুদ্দিন আহমদ ও শ্যামলকান্তি লালা, হাসপাতালের অস্ত্রোপচারকক্ষের সেবক মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্সচালক কুরবান আলী। তাঁদের এই আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে সিলেটের সামাজিক ও অধিকার আদায়বিষয়ক সংগঠন নাগরিক মৈত্রী।
গতকাল শনিবার সকালে নগরের চোহাট্টা এলাকায় হাসপাতাল চত্বরে শহীদ চিকিৎসকদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ‘মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে হাসপাতালে পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ স্তম্ভিত করেছিল সবাইকে। অথচ এ ঘটনার রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। নিহত শহীদ শামসুদ্দিনসহ তাঁর চিকিৎসক দলের এই আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।’
মুক্তিযুদ্ধের ইতিহাসের বরাত দিয়ে নাগরিক মৈত্রীর পক্ষ থেকে জানানো হয়, একাত্তরে সারা দেশের মতো সিলেটেও বর্বরতা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। সিলেটে এপ্রিলে শুরু হয় হানাদার বাহিনীর আক্রমণ। হানাদার বাহিনীর ছোড়া গুলিতে শত শত মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসকদের দ্বারস্থ হয়। আর তখন নিজের জীবন তুচ্ছ করে আহত ব্যক্তিদের পাশে দাঁড়ান চিকিৎসক শামসুদ্দিন আহমদ। হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসারত অবস্থায় ৯ এপ্রিল তাঁদের গুলি করে হত্যা করা হয়।
শহীদ শামসুদ্দিনের স্মৃতি রক্ষায় মুক্তিযুদ্ধের পরপরই হাসপাতালের নামকরণ তাঁর নামে করা হয়। ২০১০ সালে হাসপাতাল চত্বরে নির্মাণ করা হয় শহীদ স্মরণে ছবি-সংবলিত স্মৃতিসৌধ। সেখানে প্রতিবছর এই দিনে নাগরিক মৈত্রী শ্রদ্ধা নিবেদন করে আসছে।