সিলেটে শান্তিপূর্ণ হরতাল পালন
গ্যাস সরবরাহের দাবিতে সিলেটের তিন উপজেলায় গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। ‘জৈন্তা জনদাবি পরিষদ’-এর ডাকে হরতাল চলাকালে জৈন্তাপুর উপজেলা সদরে প্রতীকী রান্নার আয়োজন করা হয়। ‘গ্যাস চাই’ ফেস্টুন প্রদর্শন করা হয়।
সিলেট-তামাবিল মহাসড়কের কেন্দ্রস্থলের জৈন্তাপুর উপজেলা সদর থেকে হরতাল আহ্বান করা হলেও গোয়াইনঘাট, কানাইঘাট উপজেলায়ও হরতাল পালন করা হয়। অন্যান্য হরতালের চেয়ে এ হরতাল ছিল ভিন্ন। সব কটি উপজেলা সদরে জনদাবি পরিষদের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতাল আহ্বানকারী সংগঠন সূত্র জানায়, ১৯৫৫ সালে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। কিন্তু অর্ধশতাব্দী অতিবাহিত হলেও এলাকার মানুষ গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। স্থানীয় লোকজনের অগ্রাধিকার থাকলেও গত প্রায় ৫০ বছর এলাকাবাসী গ্যাস সরবরাহ সুবিধা থেকে বঞ্চিত। এ দাবিতে ১৯৯৫ সাল থেকে আরও তিন বার হরতালসহ নানা কর্মসূচি পালন করে জৈন্তা জনদাবি পরিষদ। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সামনে রেখে গতকাল হরতাল পালন করা হয়।
জৈন্তাপুর উপজেলা সদরে তামাবিল মহাসড়কের এক পাশে প্রতীকী রান্নাবান্নার অনুষ্ঠান শেষে বাসস্টেশনে জৈন্তা জনদাবি পরিষদের নেতারা অবস্থান নেন। এ সময় জনদাবি পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালিক মানিক, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, ইলিয়াছ উদ্দিন, ছাত্রনেতা বাহারুল, এনামুল হক বক্তব্য দেন। নাসির বলেন, এ সরকারের মেয়াদেই জৈন্তায় গ্যাস সংযোগের কাজ শুরু করতে হবে।