সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশিদ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার রাতে জামাল আহমদ ওরফে কালা জামাল (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষক হত্যার প্রতিবাদে গতকাল সরকারি কলেজগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিবাদ সভা হয়েছে। গতকাল টানা দুই দিনের প্রতিবাদ কর্মসূচি শেষে সিলেট অঞ্চলের বিসিএস সাধারণ শিক্ষক সমিতি আগামী শনিবার সিলেটে বিভাগীয় সমাবেশ আহ্বান করেছে। সমাবেশে বিসিএস শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। পুলিশ জানায়, কালা জামালকে গতকাল রাত সাড়ে আটটার দিকে নগরের জিন্দাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরের সুবিদবাজার এলাকার বন কলাপাড়ার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে থানায় ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের একটি বিশেষ দল তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করছে। ছাত্রদলের ক্যাডার বলে জামালের পরিচিতি রয়েছে। তাঁর ব্যাপারে মহানগর ছাত্রদলের একজন নেতা বলেন, জামালের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ২০০৩ সালে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হারুন মজুমদার জানান, হত্যার ঘটনায় জড়িতদের সম্পর্কে তথ্য উদ্ঘাটনে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়া সাতজন ছাত্রীর তথ্য গতকাল সংগ্রহ করা হয়েছে। এসব ছাত্রী নিজ বাড়িতে অবস্থান করছেন। তাঁদের মুঠোফোনও বন্ধ রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের পর শিক্ষক খুন হওয়ার কারণ জানা যেতে পারে।হারুন-অর-রশিদের খুনিদের গ্রেপ্তারে সরকারি কলেজের শিক্ষকদের বেঁধে দেওয়া তিন দিনের সময়সীমা আজ বুধবার শেষ হচ্ছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সরকারি কলেজের শিক্ষকদের আন্দোলন কর্মসূচির সঙ্গে বেসরকারি কলেজের শিক্ষকেরাও একাত্মতা প্রকাশ করেছেন। গতকাল রাতে মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে সরকারি ও বেসরকারি কলেজ শিক্ষকদের একটি সভা হয়। সভায় ‘শিক্ষক লিয়াজোঁ কমিটি’ গঠন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী আজ বুধবার থেকে সিলেট বিভাগের সব সরকারি ও বেসরকারি কলেজে দুই দিনের পাঠদানে বিরতি পালন শুরু হবে। গতকাল মহিলা কলেজ ও এমসি কলেজে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কলেজ দুটির শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন। এ ছাড়া গতকাল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালিত হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন, কর্মবিরতি, শোকসভা ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন।