সিলেটে শিবিরের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়কে কুপিয়ে হাত-পায়ের রগ কাটার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ সাতজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার অঞ্জন রায় বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় এ মামলা করেন। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত অঞ্জন রায়কে গত বুধবার রাত ১১টায় নগরের সুবিদবাজারের কাছে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় শিবিরের সন্ত্রাসীরা। এতে অঞ্জনের হাত ও পায়ের আটটি স্থানে রগ কাটা পড়ে। ওই রাতেই তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘটনায় শিবিরের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করা হয়। গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অঞ্জনের পক্ষে সিলেট কোতোয়ালি থানায় এজাহার দাখিল করা হলে পুলিশ এটিকে মামলা হিসেবে নথিভুক্ত করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব প্রথম আলোকে জানান, মামলায় সাতজনের নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে একজন ছাড়া বাকি সবাই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এঁরা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের বিভিন্ন পদে রয়েছেন।