সিলেটে শিবিরের ১৬ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রবের ওপর হামলার ঘটনায় সিলেটে ইবনেসিনা হাসপাতালের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তাসহ শিবিরের ১৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মোস্তাফিজুরের বাবা মুক্তিযোদ্ধা আফতাব আলী বাদী হয়ে গতকাল বুধবার সিলেট কোতোয়ালি থানায় এ মামলা করেন। গত রোববার রাতে নগরের সোবহানীঘাট এলাকায় ইবনেসিনা হাসপাতালের সামনে মোস্তাফিজুর হামলার শিকার হন। মামলায় সিলেট সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ইয়াছিন খানকে প্রধান আসামি করা হয়েছে। তিনি বর্তমানে ইবনেসিনা হাসপাতালের জনসংযোগ বিভাগে কর্মরত। এ ছাড়া এমসি কলেজ শিবিরের সেক্রেটারি মঞ্জুর আলমসহ আরও ১৪ জন শিবিরের কর্মীকে আসামি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসিরউদ্দিন মোহাম্মদ মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।