সিলেটে শিল্পকর্ম প্রদর্শনীতে পুরস্কৃত হলো ৩৪ ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা ১৬২টি চিত্রকর্ম নিয়ে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের জিন্দাবাজার এলাকায় বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পকর্ম প্রদর্শনীর সমন্বয়ক ও চারুকলার শিক্ষক চিত্রশিল্পী সুভাষ চন্দ্র নাথ। শিক্ষক কোহেলী রানী রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) নাজমা বেগম ও সহকারী প্রধান শিক্ষক (দিবা) মো. কবির খান বক্তব্য দেন।
চিত্রশিল্পী সুভাষ চন্দ্র নাথ জানান, শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরে আঁকাআঁকির প্রেরণা দিতেই এ প্রদর্শনীর আয়োজন। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৪৫ জন শিক্ষার্থীর আঁকা ১৬২টি চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনী হয়েছে। সমাপনী অনুষ্ঠানে ৩৪ ছাত্রীকে ভালো আঁকার জন্য পুরস্কৃত করা হয়। গত রোববার এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।