সিলেটে শিশু ও নারীর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মুন্সিপাড়ায় এক শিশু গৃহকর্মী এবং শিবগঞ্জে এক গৃহবধূর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে তাঁদের পরিবার। গৃহকর্মীর পরিবারের অভিযোগ, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আর অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার বলছে, এতে কেউ প্ররোচিত করেছে।
ওই শিশুর নাম সালেক মিয়া (১১)। সে সিলেট সদর উপজেলার মীরেরগাঁওয়ের দিনমজুর জবান আলীর ছেলে। নগরের মুন্সিপাড়ায় প্রবাসী রশিদ খানের বাসায় কাজ করত সে। ‘ফাঁসি ফাঁসি’ খেলতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে সালেকের মৃত্যু হয়েছে বলে প্রবাসীর পরিবার থেকে জানানো হলেও এ নিয়ে প্রশ্ন তুলেছেন ছেলেটির বাবা।
আর গৃহিণী সুমনা বেগমের (২১) লাশ নগরের শিবগঞ্জ এলাকায় ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশকে জানানো হলেও এর পেছনে প্ররোচনা বা অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করছে পুলিশ।
পুলিশ জানায়, কোতোয়ালি থানা এলাকার মুন্সিপাড়ার প্রবাসী রশিদ খানের বাসায় গৃহকর্মীর কাজ করত সালেক। গত সোমবার রাতে ছেলেটির বাবাকে ওই পরিবার থেকে জানানো হয়, সালেক অসুস্থ। খবর পেয়ে জবান আলী মুন্সিপাড়ায় গিয়ে জানতে পারেন, তাঁর ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু হাসপাতালে গিয়ে কোথাও খুঁজে পাচ্ছিলেন না ছেলেকে। পরদিন রাতে কোতোয়ালি থানায় গিয়ে জানতে পারেন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে একটি শিশুর লাশ পড়ে আছে। পরে জবান আলী মর্গে গিয়ে তাঁর ছেলের লাশ শনাক্ত করেন।
জবান আলীর অভিযোগ, তাঁর ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
মুন্সিপাড়ার ৩২ নম্বর বাসায় প্রবাসী রশিদ খানের ওই বাসায় তাঁর মেয়ের জামাই রিফাত খান থাকেন। তাঁর দাবি, সালেক দড়ি নিয়ে ‘ফাঁসি ফাঁসি’ খেলতে গিয়ে গলায় ফাঁস লাগায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ বলেন, দুই পক্ষের দাবিই তদন্ত করছে পুলিশ।
এদিকে মহানগর পুলিশের শাহপরান থানার শিবগঞ্জে সুমনা বেগমকে তাঁর শয়নকক্ষ থেকে মঙ্গলবার রাতে অবচেতন অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমনাকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার সময় তাঁর স্বামী শফিক মিয়া পালিয়ে যাওয়ায় মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
সুমনার ভাই সুমন আহমদ বলেন, তাঁর বোন শফিকের দ্বিতীয় স্ত্রী। প্রায় চার বছর আগে তাঁদের বিয়ে হয়। তিন বছরের একটি মেয়ে রয়েছে তাঁদের। স্ত্রী-সন্তানকে শিবগঞ্জের লাকড়িপাড়ার একটি বাসায় ভাড়া রাখতেন শফিক। সুমনাকে অচেতন অবস্থায় উদ্ধারের সময় তাঁর কক্ষে ঘুমের বড়ি পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তাঁকে অতিরিক্ত ঘুমের বড়ি খাওয়াতে কেউ প্ররোচিত করেছে।