সিলেটে শীতকালীন সবজির চড়া দাম
সিলেটে শীতকালীন সবজিতে বিভিন্ন হাটবাজার ভরে গেছে। এসব সবজির দাম নাগালের বাইরে বলে অনেক ক্রেতা অভিযোগ করেছেন। তবে বিক্রেতারা জানিয়েছেন, অন্যান্য বছরের চেয়ে এবার সবজির পাইকারি দাম বেশি থাকায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। ক্রেতারা অভিযোগ করেন, বিগত বছরগুলোতে শীত মৌসুম শুরুর সময়ে এক-দুই সপ্তাহ পর্যন্ত দাম একটু চড়া থাকে। তবে সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে যায়। এবার শীতকালীন সবজি বাজারে এক মাস আগে এলেও দাম ক্রমে বেড়েই চলছে। দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা তন্ময় মজুমদার বলেন, ‘সিলেটের বিভিন্ন উপজেলায়ও শীতকালীন সবজির চাষ হচ্ছে। এসব সবজি নগরের বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত হওয়া সত্ত্বেও সবজির চড়া দামে ক্রেতারা হতাশ।’ জামতলা এলাকার গৃহিণী তানজিমা বেগম বলেন, ‘অন্যান্য বছর এ সময়টায় সবজির দাম সহনীয় পর্যায়ে ছিল। এবার দাম অনেক বেশি। তাই প্রয়োজনের তুলনায় কম সওদা করতে হচ্ছে।’ গতকাল বুধবার বিকেলে সরেজমিনে নগরের বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, শিম ৪০ থেকে ৪২, শালগম ৫০ থেকে ৫৬, শসা ৪০ থেকে ৪২, কাঁচা মরিচ ৫০, ফুলকপি ৪০ থেকে ৪৬, আলু ২৫ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শাকের আঁটি প্রতি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রহ্মময়ী বাজারের সবজিবিক্রেতা এনামুল কবীর প্রথম আলোকে বলেন, ‘পাইকারি বাজারে সবজি আমরা বেশি দামে ক্রয় করছি। এ কারণে খুচরা বাজারে ক্রেতাদের কাছে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে আমরা অধিক মুনাফা লাভের জন্য দাম অসহনীয় মাত্রায় নির্ধারণ করছি না।’