সিলেটে শুরু হলো 'লন্ডন ১৯৭১' প্রদর্শনী
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলা ও ইংরেজি সংবাদপত্রের কাটিং, পোস্টার, প্রচারপত্র ও ঐতিহাসিক ছবি নিয়ে ‘লন্ডন ১৯৭১’ প্রদর্শনী ঢাকার পর সিলেটেও শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গতকাল শুক্রবার নগরের রিকাবিবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এই প্রদর্শনী শুরু হয়েছে। চলবে আগামী সোমবার পর্যন্ত।
বেলা তিনটায় প্রদর্শনীর উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।
উদ্বোধনী দিন বিকেল চারটায় ‘লন্ডন ১৯৭১: মুক্তিযুদ্ধে বিলেতপ্রবাসী বাঙালির গৌরবগাথা’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিলেতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, ব্রিটিশ কাউন্সিলের আর্ট ডিরেক্টর ক্যানড্যাল রবিনস ও সাবেক সাংসদ মুরাদ হাসান।
‘প্রজেক্ট লন্ডন ১৯৭১’ এর চেয়ারম্যান ফজলুল কবীরেরসভাপতিত্বে আলোচনা সভায় মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ্ ফাত্তাহ্ ও বাংলাদেশ স্টাডি ট্রাস্টের সাধারণ সম্পাদক মামুন আল মাহতাব বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ‘প্রজেক্ট লন্ডন ১৯৭১’ এর উদ্যোক্তা উজ্জ্বল দাশ।
প্রদর্শনী আয়োজন সম্পর্কে উজ্জ্বল দাশ প্রথম আলোকে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের সমর্থনে অবদান রাখা বিলেতপ্রবাসী ৯০ শতাংশ লোক ছিলেন সিলেট থেকে আসা প্রবাসী বাঙালি। লন্ডন-সিলেট এই দুই শহরের রয়েছে ঐতিহাসিক যোগসূত্র। নতুন প্রজন্মের কাছে সেই সময়কার বিলেতপ্রবাসীদের বীরত্বগাথা তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এর আগে গত বছরের ১৮ থেকে ২০ আগস্ট ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘লন্ডন ১৯৭১’ এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।