সিলেটে শুরু হলো ৬ দিনব্যাপী বইমেলা

বিশিষ্ট লেখক, শিক্ষক ও পাঠকদের সম্মিলনে শুরু হলো ‘সিলেট বইমেলা’। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ছয় দিনব্যাপী এ মেলার উদ্বোধন হয়। মেলার আয়োজক প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনস।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি তুষার কর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ, সম্মিলিত নাট্যপরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত, লেখক-স্থপতি শাকুর মজিদ, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, কবি মোস্তাক আহমাদ দীন ও নাট্যসংগঠক মিশফাক আহমদ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।
ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ শতাংশ এবং বেঙ্গল পাবলিকেশনসের বই ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে বিক্রি হবে। এ ছাড়া অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হবে ২৫ শতাংশ ছাড়ে। ভারতীয় নতুন বই ১ রুপি সমান ১ দশমিক ৮ টাকা এবং ভারতীয় পুরোনো বই ১ রুপি সমান ১ দশমিক ৫ টাকায় বিক্রি হবে। পুরো মেলার ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো বন্ধুসভা সিলেট জেলা শাখা।