সিলেটে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে (তৃতীয়) হরকাতুল জিহাদের শীর্ষস্থানীয় জঙ্গিসহ ছয় আসামির উপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয়। মামলার মোট ৪৭ জন সাক্ষীর মধ্যে গতকাল দুজন সাক্ষ্য দেন। আগামী ২৪ মে পরবর্তী সাক্ষ্য নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।আদালত সূত্র জানায়, গত ৩০ মার্চ মামলার সাক্ষ্য নেওয়ার দিন আসামিরা উপস্থিত থাকলেও সাক্ষীরা উপস্থিত হননি। এ জন্য মামলার বাদী সিলেট কোতোয়ালি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খয়ের মাতুব্বরসহ চারজন সাক্ষীর বিরুদ্ধে সমন জারি করা হয়। গতকাল সাক্ষ্য নেওয়ার নির্ধারিত তারিখে মামলার প্রধান আসামি শীর্ষস্থানীয় জঙ্গি মুফতি হান্নানসহ ছয় আসামিকে হাজির করা হলে বাদী আবুল খয়ের মাতুব্বর আদালতে বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সাক্ষ্য দেন। পরে প্রত্যক্ষদর্শী জনতা হিসেবে শিপন মিয়া সাক্ষ্য দিলে আদালত পরবর্তী সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য করেন।২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভামঞ্চের অদূরে নগরের ফাজিচিস্ত এলাকায় বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ ঘটনায় ওই সময় সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খয়ের মাতুব্বর বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। ২০০৬ সালে হরকাতুল জিহাদের শীর্ষস্থানীয় জঙ্গি মুফতি হান্নান গ্রেপ্তার হওয়ার পর আদালতে জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন।পরবর্তী সময়ে কোতোয়ালি থানায় দায়ের করা মামলাটি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা হিসেবে রূপান্তর করে হরকাতুল জিহাদের জঙ্গি মুফতি হান্নানসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়। ছয় আসামির মধ্যে দুজন আরিফ আহমদ রিফা ও শেখ শাহজাহান বর্তমানে জামিনে রয়েছেন। বাকিরা কারাবন্দী।