সিলেটে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলার অভিযোগ গঠন
সিলেটে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেলায়েত উল্লাহর আদালতে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ছয় আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। আগামী ১২ এপ্রিল মামলার বিচারকাজ শুরুর দিন ধার্য করেছেন আদালত।আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর রাত আটটা ১৫ মিনিটের দিকে সিলেট নগরের ফাজিচিস্ত এলাকায় আরিফ আহমদ রিফার বাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মান্নান ও শাহজাহান নামে দুজন মারা যান। ওই দিন বিকেলে সিলেটে শেখ হাসিনার নির্বাচনী জনসভা হয়। এ ঘটনায় জনসভায় বোমা হামলা চালিয়ে শেখ হাসিনাকে (বর্তমান প্রধানমন্ত্রী) হত্যার চেষ্টার অভিযোগে সিলেট কোতোয়ালি থানায় মামলা হয়। থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আল খায়ের মাতুব্বর মামলাটি করেন। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় প্রথমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোপাল চক্রবর্তীকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। চারদলীয় জোট সরকারের আমলে মামলার তদন্ত স্থবির হয়ে পড়ে। সর্বশেষ এ মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন সিআইডির পরিদর্শক প্রণব কুমার রায়।সূত্র জানায়, ২০০৬ সালের ১৯ নভেম্বর হুজির শীর্ষ নেতা মুফতি হান্নান ঢাকায় গ্রেপ্তার হলে মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিলেটে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। পরে সিআইডি গ্রেপ্তার হওয়া আরেক জঙ্গি মাওলানা আবু সাঈদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে মামলার একটি সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করে। এতে মুফতি হান্নান, মাসুদ ওরফে শাকিল ওরফে সুমন, আবু ওবায়দা ওরফে ওবায়েদ ওরফে হারুন, মাওলানা আবু সাঈদ ওরফে আবু জাফর, শেখ শাহজাহান ও আরিফ আহমদ মমতাজ ওরফে রিফাকে অভিযুক্ত করা হয়। গতকাল ওই ছয় আসামির উপস্থিতিতে আদালতে অভিযোগ গঠন হয়।অভিযোগ গঠনের শুনানিকালে মামলার ছয় নম্বর আসামি আরিফের পক্ষে আইনজীবী রেজাউল করিম চৌধুরী ও মিসবাহুর রহমান তাঁকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি শামসুল ইসলাম বিরোধিতা করলে আদালত অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন।অতিরিক্ত পিপি শামসুল ইসলাম বলেন, ছয় নম্বর আসামি বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে আছেন। বাকি পাঁচ আসামি কারাগারে আছেন। আগামী ১২ এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরুর মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হবে।