সিলেটে শেফ প্রশিক্ষণ ইনস্টিটিউটের এমডি নিজ কার্যালয়ে খুন
সিলেটে ব্রিটিশ সরকার অনুমোদিত শেফ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাঁর কার্যালয়ের নিজ কক্ষে খুন হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ মোদাব্বির হোসাইন (৪২)। তাঁর বাসা সিলেট নগরের লামাবাজার এলাকার বিলপাড়ে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নগরের শাহজালাল উপশহর এলাকায় ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, রাত ১০টায় কার্যালয়ে তাঁর কক্ষের টেবিলের নিচে মরদেহ পড়ে রয়েছে। গলায় একটি রশি পেঁচানো। পুলিশ ধারণা করছে, অফিসকক্ষে ঢুকে দুর্বৃত্তরা গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মৃত্যু নিশ্চিত করে পালিয়েছে। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার একদল পুলিশ ওই কার্যালয় ঘিরে রেখে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞ দলকে খবর দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ‘ইউনিভার্সেল প্রফেশনাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট’ (ইউপিভিটিআই) নামের শেফ ট্রেনিং প্রতিষ্ঠান যুক্তরাজ্যগামী তরুণদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণকালীন কোনো কোনো দিন রাতেও কার্যালয় খোলা থাকে। তবে গতকাল বিকেল পর্যন্ত প্রশিক্ষণার্থীরা কার্যালয়ে ছিলেন। পাঁচটার পর থেকে ফাঁকা হয়ে গেলে অফিস সহকারীও বাসায় চলে যান। রাত আটটায় অফিস সহকারী কার্যালয়ে এসে দেখেন, এমডির কক্ষ খোলা। ভেতরে ঢুকে এমডির মরদেহ টেবিলের নিচের এক পাশে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে আশপাশের এলাকাবাসীকে জানান। ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ প্রথম আলোকে জানান, তাঁর কার্যালয়ের পাশেই ওই প্রতিষ্ঠান। তিনি খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন, এমডির মরদেহ। কে বা কারা, কোন সময় হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ ব্যাপারে কিছুই জানা যায়নি। রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে অবস্থানরত শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে জানান, ঘটনা দেখে ধারণা করা হচ্ছে, এটি কোনো দুর্বৃত্ত দলের কাজ। আলামত সংগ্রহের জন্য পুরো কক্ষ নজরদারির মধ্যে রেখে পুলিশের পদস্থ কর্মকর্তাদের মাধ্যমে সিআইডির বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। কার্যালয়ে কতজন প্রশিক্ষণরত ছিলেন, এ বিষয়ে কিছুই জানা যায়নি। প্রশিক্ষণ কেন্দ্রের অভ্যর্থনাকক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন শেফ ট্রেনিং-সম্পর্কিত তথ্যের ফেস্টুন রয়েছে। যুক্তরাজ্যেও এ প্রতিষ্ঠানের শাখা এবং ব্রিটিশ নাগরিকদের মাধ্যমে পরিচালনার বিভিন্ন সচিত্র তথ্যচিত্র প্রশিক্ষণ কেন্দ্রের কক্ষের দেয়ালে সংরক্ষিত রয়েছে।