সিলেটে সওজের নতুন প্রকৌশলীর যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সড়ক ও জনপথ বিভাগে (সওজ) নতুন প্রকৌশলী যোগদান করলেও ভাগ-বাঁটোয়ারার অভিযোগ ওঠা সেই ৬০ কোটি টাকার কাজের দরপত্র বাতিল হয়নি। গত বৃহস্পতিবার নতুন প্রকৌশলী সিলেটে যোগদান করেছেন।
সওজ সূত্র জানায়, সিলেটে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহর বিরুদ্ধে সড়ক-মহাসড়ক মেরামতের প্রায় ৬০ কোটি টাকার কাজ আটটি গ্রুপের মাধ্যমে আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদারদের যোগাসাজশে ভাগ-বাঁটোয়ারা করার অভিযোগ ওঠে।
১ জানুয়ারি প্রথম আলোয় ‘সিলেটে সওজের ৬০ কোটি টাকার কাজ ভাগ-বাঁটোয়ারা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এ কিউ এম ইকরাম উল্লাহকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। পাশাপাশি সওজের প্রধান প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) ইফতেখার কবিরকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়।
সওজ সূত্র জানায়, যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ইফতেখার কবির গতকাল সকালে সিলেট এসে দাপ্তরিক দায়িত্ব বুঝে নেন। ভাগ-বাঁটোয়ারা করার অভিযোগের দরপত্র পর্যালোচনা করার কথা থাকলেও তিনি এ কাজ না করে দপ্তরের অন্যান্য কাজ করে গতকাল ঢাকায় ফিরে যান। আগামীকাল রোববার কর্মস্থলে ফিরে এ বিষয়ে যথারীতি পর্যালোচনার কথা রয়েছে বলে তাঁর দপ্তরের একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, ৬০ কোটি টাকার কাজে সাধারণ ঠিকাদারদের অংশগ্রহণ ঠেকাতে তিন দফা তারিখ পরিবর্তনের পর গত ৩১ ডিসেম্বর দরপত্র খোলা হয়। ২০৩টি শিডিউল বিক্রি হলেও সওজের অতি গোপনীয়তায় ১৭৬টি প্রতিষ্ঠানই দরপত্রের প্রক্রিয়ায় অংশ নিতে পারেনি। অংশ নেওয়া ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম দফায় ১০টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। শেষে বাদ পড়ে আরও দুটি। কাজ দেওয়া হয় পছন্দের আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।
মুঠোফোনে যোগাযোগ করলে ইফতেখার কবির গতকাল কেবল সিলেটে দায়িত্ব বুঝে নেওয়ার কাজটি সম্পন্ন করেছেন বলে জানান। অভিযোগ ওঠা দরপত্র সম্পর্কে তিনি বলেন, ‘আমি সিলেটে যোগদান করার আগেই মন্ত্রণালয় থেকে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে অবহিত করা হয়। যেহেতু দরপত্র নিয়ে অভিযোগ আছে, পর্যালোচনা করে সেটি অবশ্যই চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’