সিলেটে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোবাসের চালক ও তাঁর সহকারী খুনের ঘটনায় জড়িতরা গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার সিলেট জেলায় পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দিনব্যাপী এ ধর্মঘট আহ্বান করে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা বেলা তিনটার পর দূরপাল্লার যান চলাচলের অনুমতি দেন। সন্ধ্যা ছয়টায় কর্মসূচি শেষে জেলার বিভিন্ন উপজেলায় যান চলাচল শুরু হয়।ধর্মঘট শেষে সন্ধ্যায় দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আন্তজেলা মালিক সমিতির কার্যালয়ে সমাবেশ হয়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ প্রথম আলোকে বলেন, ‘মাইক্রোবাসচালক মঞ্জু ও তাঁর সহকারী মুমিনের ঘাতকদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আগামী কয়েক দিনের মধ্যে চট্টগ্রাম ও সিলেটে পরিবহন শ্রমিক সমাবেশ করা হবে।’ এদিকে বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকাল ১০টায় বিশ্বনাথ উপজেলার নতুনবাজার মাইক্রোবাস-স্ট্যান্ডে উপজেলার পরিবহন শ্রমিকেরা ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। এ সময় পরিবহন শ্রমিকেরা টায়ার জ্বালিয়ে বিশ্বনাথ-রামপাশা সড়ক অবরোধ করেন। ২৬ এপ্রিল সকালে সিলেট নগরের ধোপাদীঘির পাড় এলাকার স্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার কথা বলে অচেনা ব্যক্তিরা একটি মাইক্রোবাস ভাড়া নেন। পরদিন ২৭ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধারের খবর শুনে কয়েকজন পরিবহন-শ্রমিক সেখানে গিয়ে চালক মঞ্জু ও তাঁর সহকারী মুমিনের লাশ শনাক্ত করেন।