সিলেটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
সিলেট নগরের আম্বরখানায় ট্রাকচাপায় একজন রিকশাচালক এবং বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সাহেবনগর নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আম্বরখানায় শুক্রবার রাত আটটায় ও সাহেবনগরে গতকাল শনিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নগরের আম্বরখানা মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে একটি ট্রাক বিমানবন্দর সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য ট্রাকটি থামার নির্দেশ দিলে এটি বেপরোয়া গতিতে চলতে গিয়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশাচালক শামসুল হক (৪৫) মারা যান। তাঁর বাড়ি দিনাজপুরের আসকপুর গ্রামে। এ সময় ক্ষুব্ধ জনতা বিমানবন্দর সড়কে ১৫টি ট্রাক আটক করে ঢিল ছুড়ে বিক্ষোভ করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ওই ট্রাকের চালক রিয়াজউদ্দিনকে আটক করার পর বিক্ষুব্ধ জনতা শান্ত হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই জানান, লামাকাজির সাহেবনগরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ব্যবসায়ী সাদিক আহমদ (২৫) নামের এক ব্যক্তি মারা যান। সাদিকের বাড়ি ছাতক উপজেলার মালিকান্দি গ্রামে। দুর্ঘটনায় আরও ১৫ জন যাত্রী আহত হন। দুটি যানই জব্দ করা হয়েছে।