সিলেটে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা আহত
মুখোশধারী দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সিলেট সদর উপজেলায় আবুল খায়ের নামে বিএনপির এক নেতা আহত হয়েছেন। গতকাল রোববার সকালে নগরের সুরমা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সহসভাপতি ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল খায়ের (৫০) মামলাসংক্রান্ত কাজে তাঁর মামাতো ভাই নূরুল হককে সঙ্গে নিয়ে আদালতে যান। খায়ের সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে আদালতের ফটকের সামনের সুরমা মার্কেটে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় আসা সাত-আটজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির এসআই রঞ্জন সামন্ত বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।