সিলেটে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক ও ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরে গত রোববার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সাপ্তাহিক ২০০০-এর সাবেক সিলেট প্রতিনিধি ফতেহ ওসমানী ও আবদুল মালেক নামের একজন ব্যবসায়ী। সন্ত্রাসীরা তাঁদের ছুরিকাঘাত করে নগরের বক্ষব্যাধি হাসপাতালের ফটকের সামনের রাস্তায় ফেলে যায়। একজন সংবাদকর্মী তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহত ব্যক্তিদের উদ্ধারকারী স্থানীয় দৈনিক মানচিত্র-এর প্রতিবেদক লাহিন চৌধুরী ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সাংবাদিক ফতেহ ওসমানী ও ব্যবসায়ী মালেককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় রাত ১১টায় তাঁদের তাত্ক্ষণিক উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান লাহিন। ফতেহ ওসমানীর ভাই আবদুল মতিন জানান, ফতেহ ওসমানী সিলেটের বিভিন্ন স্থানীয় দৈনিক ও জাতীয় সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি সাপ্তাহিক ২০০০-এর সিলেট প্রতিনিধির দায়িত্ব ছেড়ে গোয়াইনঘাট উপজেলার একটি নার্সারির ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এই সন্ত্রাসী হামলার ঘটনায় সিলেটের সংবাদকর্মীসহ পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা না হলেও পুলিশ একটি সাধারণ ডায়েরি করে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করছে।