সিলেটে সন্ত্রাসীদের হামলায় ক্ষুদ্র ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সন্ত্রাসীদের হামলায় মুহিবুর রহমান নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। নগরের চৌখিদেখি এলাকায় সন্ত্রাসীরা গত রোববার তাঁকে লোহার পাইপ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাত সাড়ে আটটার দিকে একদল সন্ত্রাসী চৌখিদেখি এলাকায় উত্তরা মোটরসের সামনে মুহিবুরের (২২) ছোট ভাই ছয়দুর রহমানকে মারধর করছিল। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে গেলে সন্ত্রাসীরা মুহিবুরের মাথা ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। অচেতন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই তাঁর মৃত্যু হয়।মুহিবুর ফুটপাতে সবজিসহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন। তাঁর বোন সেলিনা বেগম জানান, তাঁদের জমি দখলের জন্য সন্ত্রাসীরা কয়েক দিন ধরেই ভাইদের হুমকি দিচ্ছিল। আম্বরখানা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাইনউদ্দিন বলেন, পূর্ববিরোধের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। মামলা হলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।