সিলেটে বিএনপির কেন্দ্রীয় বা স্থানীয় কর্মসূচিতে ‘ইলিয়াসকে ফিরিয়ে দাও’ দাবি থাকবে। আগামীকাল ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে গত বুধবার রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট জেলা বিএনপির জরুরি সভায় সর্বসমঞ্চতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, গত ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে ‘নিখোঁজ’ হন। সরকারের যোগসাজশে ইলিয়াসকে গুম করা হয়েছে দাবি করে বিএনপি টানা হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। ১৪ ও ১৫ আগস্ট বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফর করে ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথসহ সিলেটে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ইলিয়াসকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাঁর ঘোষিত বিএনপির স্থানীয় নেতৃত্ব দিয়ে সংগঠন পরিচালনা করার ঘোষণা মির্জা ফখরুল দেওয়ায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। এরপর থেকে দলের যেকোনো কর্মসূচিতেই ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্যাপন নিয়ে সিলেটে জেলা বিএনপির প্রস্তুতি উপলক্ষে জরুরি সভায় ইলিয়াসকে ফিরিয়ে দাও দাবি দলীয় যেকোনো কর্মসূচিতে অবধারিতভাবে রাখার আহ্বান জানিয়ে জ্যেষ্ঠ নেতারা বক্তব্যে বলেন, জননেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতেই হবে। নইলে উদ্ভূত পরিস্থিতির সব দায়ভার সরকারকেই বহন করতে হবে। হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি দিয়ে ইলিয়াসকে জনতার মাঝে ফিরিয়ে আনা হবে। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেনের সভাপতিত্বে সভায় জেলার সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি শেখ মো. মকন মিয়া, মঈনুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, এ টি এম ফয়েজ, সারওয়ার আহমদ, সিলেট সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ, সাধারণ সম্পাদক এ কে এম তারেক কালাম, দক্ষিণ সুরমার সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আবদুুল আহাদ খান, সংগঠনের কেন্দ্রীয় সদস্য হাসান আহমদ পাটোয়ারী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য রোকসানা বেগম, গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক শাহ আলম, কোম্পানীগঞ্জের সাংগঠনিক সম্পাদক শাহাবউদ্দিন, কানাইঘাটের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। জরুরি সভার প্রসঙ্গ উল্লেখ করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ময়নুল হক প্রথম আলোকে জানান, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে সিলেট অঞ্চলে দলের বিভিন্ন কর্মসূচিতে তাঁর নিখোঁজের বিষয়টি ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে। জেলা কমিটির উদ্যোগে নগরের রেজিস্ট্রারি মাঠে ১ সেপ্টেম্বর বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হবে। এ শোভাযাত্রায় ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি দর্শনীয়ভাবে উপস্থাপন করতে এবং দলের পরবর্তী সব কর্মসূচিতে ইলিয়াসকে ফিরিয়ে দাও দাবি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে বিএনপি ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ করা হয়।