সিলেটে সম্পত্তি নিয়ে বিরোধে ব্যবসায়ী খুন
সিলেটে সম্পত্তি নিয়ে বিরোধে জি এম ওমর খালেদ (৩৮) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। গত শুক্রবার নগরের দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় এ ঘটনা ঘটে।হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ নিহত ওমর খালেদের চাচাতো ভাই সায়হান আহমদকে (২৬) গ্রেপ্তার করেছে। সায়হানসহ আটজনের বিরুদ্ধে গতকাল শনিবার সিলেটের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন ওমরের স্ত্রী ইশরাত জাহান। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওমরের চাচা আবদুল মালিক, আবদুল হাশিম ও কুদ্দুস মিয়া এবং চাচাতো ভাই শোভন। বাকি আসামিদের অজ্ঞাতনামা উল্লেখ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত ওমর খালেদ মা-বাবাসহ যুক্তরাষ্ট্রে বাস করতেন। দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় পৈতৃক বাড়ি ‘আঞ্জুমান হাউসে’ থাকতেন ওমরের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। বছর খানেক ধরে ওমর ওই বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করছিলেন। পাশাপাশি সুনামগঞ্জ শহরে বেকারিসামগ্রীর প্রতিষ্ঠান ‘জালালাবাদ চুজ অ্যান্ড পিক’ দেখাশুনা করতেন। বাড়িতে অবস্থানের সময় সম্পত্তি নিয়ে চাচার পরিবারের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। উভয় পরিবারের শিশুদের মধ্যে মেলামেশাও ছিল বন্ধ।ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বাড়ির উঠানে খেলতে গিয়ে ওমরের আট বছর বয়সী ছেলে ফারদিনের সঙ্গে চাচাতো ভাইদের ছেলেদের ঝগড়া হয়। এ নিয়ে উভয় পরিবারের বড়দের মধ্যে বিরোধ বাধে। ঘটনা নিষ্পত্তি করতে গিয়ে ওমরের আত্মীয়দের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়। বিকেল সোয়া পাঁচটার চাচা ও চাচাতো ভাইয়েরা ঘরে ঢুকে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মেঝেতে ফেলে দেন। এ সময় তিনি চিৎকার দিলে প্রতিবেশী কাউকে ঘরে ঢুকতে দেননি তাঁরা। একপর্যায়ে বন্দুকের বাট দিয়ে বুকে কয়েকটি আঘাত করে ওমরকে রক্তাক্ত করে তাঁরা ঘর থেকে বের হয়ে যান। পৌনে ছয়টার দিকে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে নগরের উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আবদুল খালিক প্রথম আলোকে বলেন, বুকে প্রচণ্ড আঘাত পেয়ে অনেকটা অচেতন অবস্থায় ওমরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।ওমরের মৃত্যুর খবর শুনে ঝালোপাড়া এলাকার লোকজন রাতেই হাসপাতাল এলাকায় ভিড় করে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ নিয়ে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত পৌনে একটার দিকে পুলিশ ঝালোপাড়া থেকে সায়হান আহমদকে গ্রেপ্তার করে।গতকাল ঝালোপাড়ায় ওমর হত্যা মামলার আসামি ও তাঁর চাচা আবদুল মালিক, আবদুল হাশিম ও কুদ্দুস মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।ওমরের শ্যালক মতিউর রহমান জানান, সম্পত্তির ভাগ নিয়ে চাচাসহ চাচাতো ভাইয়েরা নানাভাবে ওমরকে জ্বালাতন করছিলেন। এ জন্য ওমর বাড়িতে তাঁর সন্তানদের নিকটাত্মীয় কারও সঙ্গে মিশতে দিতেন না।ওমর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রঞ্জন সামন্ত প্রথম আলোকে জানান, লাশের সুরতহাল করার সময় ওমরের বুকে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। গতকাল বিকেলে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।রঞ্জন সামন্ত জানান, ওমর পারিবারিক ও ব্যক্তিগতভাবে অনেক ধন-সম্পত্তির মালিক। এই নিয়ে চাচার পরিবারের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গত শুক্রবার বাচ্চাদের ঝগড়া নিয়ে ঘটনার সূত্রপাত হলেও সম্পত্তির বিরোধে খুন হয়েছেন তিনি। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।