সিলেটে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মাঠপর্যায়ে গণসংযোগে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। গত সোমবার একাধিক প্রার্থীকে তাঁদের তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকদের সঙ্গে আলাপ-আলোচনা করতে দেখা গেছে।
তৃণমূল পর্যায়ের সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটের ছয়টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত রোববার বিকেলে ভোট গ্রহণের তারিখ ঘোষণার পরপরই সিলেটের বিশ্বনাথ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট—এ ছয় উপজেলায় শতাধিক প্রার্থী প্রচারণায় নেমে পড়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ রাজনৈতিক দলের স্থানীয় কর্মী-সমর্থক এবং ব্যবসায়ীরাও রয়েছেন।
তফসিল ঘোষণার পরই ভোটারদের কাছে দোয়া চাইতে শুরু করেন চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঠিক গণসংযোগ নয়, নির্বাচনে অংশ নেওয়ার জন্য এলাকার মুরব্বিদের কাছে দোয়া চাইছি।’ একই কথা জানিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা পংকি খান বলেন, ‘দলের একক সমর্থন পেলে নির্বাচনে অংশ নেব। সে লক্ষ্যে প্রচারণা চালাচ্ছি।’
এঁদের বাইরে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, আওয়ামী লীগ নেতা এস এম নুনু মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌছ খান, সাংগঠনিক সম্পাদক কবীর আহমদ, খেলাফত মজলিশের জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াদুদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদিকা শিউলী আক্তারসহ এক ডজন নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক।
জকিগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুস্তাকিম হায়দার, ব্যবসায়ী সাইফুদ্দিন খালেদ এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী নির্বাচনে অংশ নিতে প্রচারণা চালাচ্ছেন। এঁদের বাইরে জেলা আওয়ামী লীগের নেতা লোকমান আহমদ চৌধুরী, বিএনপি নেতা চেরাগ উদ্দিন, উপজেলা যুবদল সভাপতি শফিকুর রহমান, ব্যবসায়ী দিদার লস্কর, জাতীয় পার্টির হেলাল উদ্দিন লস্কর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন। এর বাইরে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন ও সাবেক সভাপতি সিকন্দর আলী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন বলে জানা গেছে।
গোলাপগঞ্জ উপজেলার বতর্মান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী আবারও দলের একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন ইসলাম, আওয়ামী লীগ নেতা হুমায়ূন রশীদ, জেলা বিএনপির সহসভাপতি রশিদ আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মছব্বির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিসবাউল কাদির, পৌর বিএনপির একাংশের সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহিবুর রহমানসহ অন্তত ১০ জন নির্বাচনে অংশ নিতে প্রচারণা চালাচ্ছেন। জৈন্তাপুর উপজেলায়ও অন্তত পাঁচজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রচারণা শুরু করে দিয়েছেন।
গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ব্যক্তিদের সংখ্যা এখন পর্যন্ত আটজন। এর মধ্যে বিএনপি-সমর্থিত বর্তমান চেয়ারম্যান আবদুল হেকিম চৌধুরী, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, আওয়ামী লীগ-সমর্থিত আলীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. আবদুল কাসেম উল্লেখযোগ্য।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুল হক বলেন, ‘১৯৯২ সাল থেকে জনপ্রতিনিধি হিসেবে সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে রয়েছি। দল একক প্রার্থী দিলে অবশ্যই নির্বাচনে অংশ নেব।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম বলেন, ‘দলের সবুজসংকেত পেলে নির্বাচনে অংশ নেব।’
কয়েকটি উপজেলার বেশ কয়েকজন ভোটার জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীরা মুঠোফোনে গ্রাম-পাড়া-মহল্লার নেতৃস্থানীয় মুরব্বিদের সঙ্গে যোগাযোগ করে দোয়া চাইছেন। আসন্ন নির্বাচনে ভোট চেয়ে খুদে বার্তাও পাঠাচ্ছেন। কোথাও কোথাও প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও আশীর্বাদ চাইছেন। সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণার বিষয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম এজাহারুল হক প্রথম আলোকে বলেন, ‘উপজেলা নির্বাচন স্থানীয় পর্যায়ের হওয়ায় সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা অন্য নির্বাচনের চেয়ে একটু বেশি থাকাই স্বাভাবিক। তবে যেসব উপজেলায় ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব স্থানে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী আচরণবিধিমালা অনুযায়ী চলতে বাধ্য করা হবে।’
[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি সঞ্জয় নাথ ও বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য]