সিলেট জেলায় বিএনপির ডাকে গতকাল বৃহস্পতিবার সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। ভারতের বরাক নদে টিপাইমুখ বাঁধ নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে এই হরতাল পালন করা হয়।সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরে গাড়ি ভাঙচুরসহ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। উপজেলাগুলোতে শান্তিপূর্ণ হরতাল পালনের খবর পাওয়া গেছে। হরতাল শেষে প্রতীকী অনশনসহ বিএনপি মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।নির্ভার প্রচার: ভোর ছয়টায় নগরের কোর্ট পয়েন্ট থেকে হরতালের প্রচার শুরু হয়। ‘শাহজালালের পুণ্য ভূমি/ কেন হবে মরুভূমি’ স্লোগান দিয়ে হরতাল পালনে জনসাধারণকে অনুরোধ করা হয়। সকাল সাড়ে সাতটায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর নেতৃত্বে স্থানীয় নেতারা নগরের প্রবেশদ্বার-খ্যাত কিনব্রিজের মুখ থেকে হরতালের সপক্ষে প্রচার শুরু করেন। নগরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, আর্মড পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা মোতায়েন ছিলেন। তবে সকাল থেকে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম থাকায় নেতা-কর্মীরা ছিলেন নির্ভার। বেলা সাড়ে ১১টায় কোর্ট পয়েন্টে সমাবেশে এম ইলিয়াস আলী বক্তব্য শেষ করে ‘তুমি রহমতের নদীয়া...’ নামের জনপ্রিয় আঞ্চলিক গান গেয়ে শোনান।কাফন-কফিন নিয়ে মিছিল: ভোর ছয়টায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা মাথায় কাফনের কাপড় ও হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করে কোর্ট পয়েন্টে সমবেত হন। সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কফিন নিয়ে একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। মিছিলটি কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।গাড়ি ভাঙচুর, আহত ৩: হরতাল চলাকালে নগরে কোনো যানবাহন চলেনি বললেই চলে। তবে সকালে বিচ্ছিন্নভাবে চলা দুটি মাইক্রোবাস ও তিনটি অটোরিকশা ভাঙচুর করেন হরতাল সমর্থকেরা। নগরের শিবগঞ্জ ও বালুচর এলাকায় র্যাব ও পুলিশের লাঠিপেটায় হরতাল সমর্থক তিনজন আহত হন।সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালসহ উপজেলার বাসস্ট্যান্ড থেকে গতকাল কোনো বাস চলাচল করেনি। রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ছাড়ার সময় বিএনপির কর্মী-সমর্থকেরা রেলপথ অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর পাহাড়িকা সিলেট ছেড়ে যায়।মাসব্যাপী আন্দোলন কর্মসূচি: হরতাল শেষে কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ থেকে মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সিলেট বিভাগে বিএনপির প্রতিটি সাংগঠনিক কমিটি পর্যায়ক্রমে বিক্ষোভ ও গণসংযোগ, ২০ ডিসেম্বর জেলা ও উপজেলায় প্রতিবাদ মিছিল, ২৬ ডিসেম্বর জেলা সদর, মহানগর ও পৌর শহরে মানববন্ধন, ২৯ ডিসেম্বর জেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতীকী অনশন এবং ৭ জানুয়ারি জকিগঞ্জের অমলসীদে বরাক নদের মোহনায় সীমান্ত সমাবেশ। এ সময় ইলিয়াস আলী বলেন, ‘এ কর্মসূচি কোনো দলের নয়। এতে সর্বস্তরের জনগণ অংশ নেবে বলে আশা করি।’মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সাংসদ দিলদার হোসেন, শফি চৌধুরী ও কলিমউদ্দিন আহমদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, নগর বিএনপির সহসভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান প্রমুখ।