সিলেটে সাংবাদিকদের তিন দিনের কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রীর অপসারণের দাবিতে টানা তিন দিনের কর্মসূচি গতকাল মঙ্গলবার ঘোষণা করেছে সিলেট প্রেসক্লাব। বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। বাকি দুই দিনের কর্মসূচি হলো দুই ঘণ্টা করে কলমবিরতি এবং স্থানীয় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার অষ্টম কলামে দুই ইঞ্চি করে জায়গা খালি রাখা।
৯ আগস্ট আদিবাসী দিবসে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে বক্তব্য দেন। তাঁর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। পরের দিন এক বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করেন। ওই বিবৃতিতে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন সিলেটের সাংবাদিকেরা। এই অভিযোগে প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের একাংশ সমাবেশ করে মন্ত্রীর অপসারণ দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে।
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকেরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।