সিলেটে সাংসদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার পাল্টা মামলা
সিলেট-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরীর বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করেছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শোয়েব আহমদ চৌধুরী। গতকাল বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে তিনি মামলা করেন। বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেন গতকালই মামলাটি (নম্বর ৩৬৩) আমলে নিয়ে আগামী ২৬ নভেম্বরের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একই আদালতে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী গত ৩ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেন। ওই মামলায় সাংসদ মাহমুদ-উস-সামাদ অভিযোগ করেন, আত্মীয়তার সুবাদে শোয়েব আহমদকে তিনি (মাহমুদ-উস-সামাদ) আর্থিক সহযোগিতা করতেন। একপর্যায়ে শোয়েব আহমদ আরও আর্থিক সুবিধা চান। এ নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হলে তাঁর বিরুদ্ধে শোয়েব আহমদ অপপ্রচারে লিপ্ত হন। গত ২০ জুলাই সিলেটের স্থানীয় একটি দৈনিকে বিজ্ঞাপন দিয়ে সাংসদ মাহমুদ-উস-সামাদকে ‘রাজাকার পরিবারের সন্তান’ বলে অভিহিত করেন শোয়েব আহমদ। এসব অপপ্রচারের পরিপ্রেক্ষিতে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী মানহানি মামলা করেন। মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরীর করা মামলায় অভিযোগ করা হয়, বাদীর (মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ) সঙ্গে সাংসদ মাহমুদ-উস-সামাদের প্রায় ২৯ বছরের আত্মীয়তার সর্ম্পক। এ সূত্রে ‘কুশিয়ারা কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে নতুন একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিযুক্ত হন মাহমুদ-উস-সামাদ। কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৯৬ সালের জানুয়ারি মাসে ১০ লাখ এবং ১৯৯৮ সালে ১০ লাখ টাকা শোয়েব আহমদের কাছ থেকে নেন মাহমুদ-উস-সামাদ। পরে ওই কোম্পানির অংশীদারি নিয়ে তাঁর সঙ্গে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তিনি সম্প্রতি উচ্চ আদালতে মাহমুদ-উস-সামাদের বিরুদ্ধে জালিয়াতি মামলা (নম্বর ১৭৫৪/১২) করেন। শোয়েব আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আত্মীয়তার সুযোগ নিয়ে সাংসদ মাহমুদ-উস-সামাদ প্রতারণার মধ্যেমে কোম্পানির ১০ হাজার শেয়ারের মালিকানা লাভ করেন। এর মালিক হিসেবে কোম্পানির কাছ থেকে যে পরিমাণ লভ্যাংশ পাওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক গুণ বেশি টাকা সাংসদকে দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করে সাংসদ স্থানীয় পত্রিকায় মিথ্যাচার করায় আমার সমঞ্চানহানি হয়েছে।’ সাংসদের বিরুদ্ধে পাল্টা মামলা প্রসঙ্গে মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরী বলেন, সাংসদের করা মামলায় মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। এতে তাঁর মানহানি হওয়ায় মামলা করেছেন। এ ব্যাপারে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মুঠোফোনে গতকাল সন্ধ্যায় একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি।