সিলেটে সাক্ষ্য গ্রহণ শেষ আজ যুক্তি-তর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিডিআর বিদ্রোহের মামলায় ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। আজ বুধবার যুক্তি-তর্ক উপস্থাপন হবে। এ ছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়ন এবং খাগড়াছড়িতে ২৯ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় গতকাল দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।বিডিআরের সিলেট সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৪-তে গতকাল সকাল সাড়ে আটটায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। অভিযুক্ত ৬১ জনের মধ্যে ৩৪ জন দোষ স্বীকার না করায় তাঁদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। মামলায় মোট ৪৩ সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়। বাকি ২৭ আসামি দোষ স্বীকার করায় ২২ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়নি। দোষ স্বীকারকারী ২৭ জনের লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়। বিশেষ আদালত-১৪-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআরের কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ফরহাদ।চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জতে অবস্থিত রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএনএস) গঠিত বিশেষ আদালত-১৬-তে গতকাল সকাল নয়টায় ১৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বেলা তিনটা পর্যন্ত ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।সাক্ষ্য গ্রহণ চলাকালে ল্যান্স নায়েক বিল্লাল হোসেন ও সেপাই কামরুল হাসান দোষ স্বীকার করে আদালতের অনুকম্পা চান। এ সময় আদালত তাঁদের লিখিত আবেদন করতে বললে তাঁরা তা করেন। এ নিয়ে অভিযুক্ত ৩৫ জনের মধ্যে এ পর্যন্ত ১০ জন দোষ স্বীকার করলেন।বেলা তিনটায় আদালতের বিচারক প্যানেলের সভাপতি ও রাঙামাটি বিডিআর সেক্টরের অধিনায়ক কর্নেল বশিরুল ইসলাম আজ বুধবার তিনটা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।পরে মামলার কৌঁসুলি ও নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম জানান, ২৪ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ২০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বুধবার আবারও চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।এদিকে, খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে ২৯ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের সাক্ষ্য গ্রহণ শুরু হয় গতকাল সকাল নয়টায়। দ্বিতীয় দিনে গতকাল সাক্ষ্য দেন চারজন। এ নিয়ে দুই দিনে মোট সাতজন সাক্ষ্য দিলেন।পরে আদালতের সভাপতি বিডিআরের চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল জাহেদুর রহমান আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।