সিলেটে সিএনজি, পেট্রলপাম্পে আজ থেকে আবার ধর্মঘট
সিলেটের শিবগঞ্জে সিএনজি স্টেশনে হামলার ঘটনায় আটক ছাত্রলীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের একটি পক্ষ ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে নগরের টিলাগড় এলাকায় এ ঘটনা ঘটে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সব আসামি গ্রেপ্তারে পুলিশের ব্যর্থ হওয়া এবং আসামি ছিনতাইয়ের ঘটনায় সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগে আজ শনিবার থেকে ফের ধর্মঘট ডেকেছে। অ্যাসোসিয়েশন সূত্রের অভিযোগ, ৫ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সহসভাপতি সেলিম চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী চাঁদার দাবিতে শিবগঞ্জে সুরমা সিএনজি স্টেশনে হামলা ও ভাঙচুর করেন। ওই ঘটনায় মামলা হলে পুলিশ আসামি গ্রেপ্তার না করায় গত মঙ্গলবার থেকে সিএনজি স্টেশন ও পেট্রলপাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। প্রথম দিনের ধর্মঘট শেষে রাতে সমঝোতা বৈঠক হয়। এতে আসামি গ্রেপ্তারে সময়সীমা বেঁধে দিয়ে ৭২ ঘণ্টার জন্য ধর্মঘট প্রত্যাহার করা হয়। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও মূল আসামি গ্রেপ্তার হচ্ছিল না। অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানান, বেঁধে দেওয়া সময় গতকাল শুক্রবার শেষ হয়েছে। এ সময়ের মধ্যে সায়েম নামে ছাত্রলীগের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়। আরেকজনকে বৃহস্পতিবার রাতে পুলিশ আটক করলেও তাঁকে ছিনিয়ে নেন ছাত্রলীগের কর্মীরা। এর পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক করে শনিবার থেকে ফের ধর্মঘট আহ্বান করা হয়। জুবায়ের আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আসামি ধরলেও ছাত্রলীগ ছিনিয়ে নিয়ে গেল। এ অবস্থায় পুলিশও নিরাপদ নয়। তাই আমরা দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকতে বাধ্য হলাম।’ পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে সায়েম আহমদ (২৪) নামে ছাত্রলীগের একজন কর্মীকে আটক করে পুলিশ। পরে আবদুল গফফার (৩০) নামে ছাত্রলীগের আরেক কর্মীকে সিএনজি স্টেশনে হামলার মামলায় গ্রেপ্তার করে উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেবের নেতৃত্বে শাহপরান থানার পুলিশ। রাত প্রায় আটটায় গফফারকে নিয়ে পুলিশ টিলাগড় এলাকা দিয়ে যাওয়ার সময় ২০ থেকে ২৫ জন ছাত্রলীগের কর্মী দেখার নাম করে গফফারকে নিয়ে পালিয়ে যান। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ এ সময় বাধা দিলে তাঁরা ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, সিএনজি স্টেশনে হামলার অভিযোগে সায়েমসহ দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের হাতে আটক একজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা সম্পর্কে তিনি অবহিত নন। যোগাযোগ করলে এসআই আবদুল মোতালেব এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। পুলিশের কাছ থেকে আটক একজনকে ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি মাত্র। কে বা কারা এ ঘটনা ঘটাল—এ বিষয়ে সাংগঠনিকভাবে খোঁজ নেওয়া হচ্ছে।’