সিলেটে সিএনজি স্টেশনে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিএনজি স্টেশনে হামলার অভিযোগে জেলা ছাত্রলীগের সহসভাপতি সেলিম চৌধুরীকে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত তিনটায় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা পুলিশের একটি দল গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রাজধানীর ফকিরাপুল এলাকার একটি হোটেল থেকে সেলিমকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা সাদ উল্লাহ নামের ছাত্রলীগের এক কর্মীকেও গ্রেপ্তার করে পুলিশ। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। হামলার ঘটনায় করা মামলায় সেলিমসহ এ পর্যন্ত চারজন আসামি গ্রেপ্তার হলো। ৫ সেপ্টেম্বর রাতে একদল যুবক নগরের শিবগঞ্জে সুরমা সিএনজি স্টেশনে চাঁদার দাবিতে হামলা করে। এ ঘটনায় সিএনজি স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাসিব ভূঁইয়া বাদী হয়ে শাহপরান থানায় জেলা ছাত্রলীগের সহসভাপতি সেলিম চৌধুরীসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। মামলা করার পরও পুলিশ আসামি গ্রেপ্তার না করায় সিএনজি স্টেশন ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগে ধর্মঘট আহ্বান করে।