সিলেটে সিটি করপোরেশনের নামে টিলা কাটার কাজ!
চারদিকে টিনের বেড়া দিয়ে চলছিল টিলা কাটার কাজ। আর এই মাটি পরিবহন করা হচ্ছিল ‘সিটি করপোরেশনের কাজে নিয়োজিত’ লেখাসংবলিত লাল কাপড় সাঁটানো একটি ট্রাকে। সিটি করপোরেশনের কাজ দেখিয়ে এভাবে অবৈধভাবে ব্যক্তিমালিকানাধীন একটি টিলা কাটা হচ্ছিল সিলেট নগরের পশ্চিম শাহি ঈদগাহ এলাকায়। এরই মধ্যে টিলার সাত শতক ভূমি কেটে সমান্তরাল করা হয়েছে।অনুসন্ধানে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই এলাকার সৈয়দবাড়ির সামনে টিলা কাটার কাজ শুরু হয় গত সোমবার থেকে। এ কাজ করতে চারদিকে প্রায় ছয় ফুট উঁচু টিনের বেড়া দেওয়া হয়। টিলা কাটতে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেওয়া হয়নি।স্থানীয়রা জানান, পশ্চিম ও পূর্ব শাহি ঈদগাহ এলাকাটি টিলাশ্রেণীর। নগরের কাজিটুলার উঁচু সড়কটি পুরোটাই টিলার ওপর। সড়কের উচ্চতায় টিলার ওপর পশ্চিম শাহি ঈদগাহ মহল্লার কয়েকটি বাসাবাড়িও রয়েছে। টিলার একাংশ কাটার কাজে ওই কাপড় লাগানো ট্রাক দেখে বেড়ার মধ্যে সিটি করপোরেশনের উন্নয়নকাজ চলছে বলে স্থানীয়রা ধারণা করেছিলেন। তবে মঙ্গলবার ট্রাকচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অবৈধভাবে টিলা কাটা ও এই কাজে সিটি করপোরেশনের নাম ব্যবহারের কৌশল অবলম্বনের বিষয় প্রকাশ পায়।সিটি করপোরেশন সূত্র জানায়, পরিচ্ছন্নতা বিভাগের মাধ্যমে তাদের ২৭টি ট্রাক পরিচালিত হয়। সতর্কতার জন্য সব ট্রাকে সিটি করপোরেশনের কাজে নিয়োজিত লেখা লাল কাপড় সাঁটানো থাকে। পরিচ্ছন্নতা বিভাগের প্রধান আলবাব আহমদ চৌধুরী বলেন, পরিচ্ছন্নতার কাজে বিশেষ করে সকাল ও রাতে ট্রাক ব্যবহার করা হয়। ওই দুই সময়ছাড়া ট্রাক বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়োজিত থাকে। সংগত কারণে সব ট্রাকের ওপর সার্বক্ষণিক নজরদারি সম্ভব হয় না। এ সুযোগেই হয়তো টিলার মাটি পরিবহনে ওই ট্রাক ব্যবহার হয়ে থাকতে পারে। অভিযুক্ত ট্রাকচালক বেলাল আহমদ (২৫) দাবি করেন, তিনি সিটি করপোরেশনের একটি প্রকল্পে মাটি ফেলছিলেন। প্রকল্প কোথায় জানতে চাইলে, সেটি লামাবাজার সড়কে বলে জানান। তবে করপোরেশনের প্রকৌশল বিভাগে যোগাযোগ করে মাটি ভরাটের এমন প্রকল্প নেই বলে জানা যায়। পরে ট্রাকচালক নিজেকে খণ্ডকালীন চালক পরিচয় দিয়ে বিনা খরচে মাটি পেতে ট্রাক ব্যবহারের কথা জানান। মাটি বিক্রি করছেন কোথায়, এমন প্রশ্ন শুনে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। টিলার মালিক এমরান সালাম জানান, সাত শতক জায়গায় ভবন নির্মাণ করতে তিনি টিলার একাংশ ‘ড্রেসিং’ করার কাজ করাচ্ছেন। সিটি করপোরেশনের নগর উন্নয়নসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান স্থানীয় ওয়ার্ড (১৭ নম্বর) কাউন্সিলর ফয়জুল আনোয়ারকে জানিয়ে এ কাজ করানো হচ্ছে। আর টিলার মাটি বিনা খরচে দেওয়ার শর্তে ওই ট্রাক ব্যবহার করা হয়। ট্রাক কে দিল, এ বিষয়ে এমরান কিছু বলতে রাজি হননি।টিলা কাটার প্রসঙ্গে ফয়জুল আনোয়ার বলেন, ‘এটাকে আসলে টিলা কাটা বলা যায় না। তিনি (এমরান সালাম) টিলার নিচের অংশের কিছু মাটি কাটবেন বলে আমাকে জানিয়েছিলেন। আমি দেখেও এসেছি। পরে যদি টিলা কাটা হয়, তাহলে বিষয়টি পরিবেশ অধিদপ্তর দেখবে।’ফয়জুল আনোয়ার আরও জানান, ব্যক্তিগত কাজে প্রতিষ্ঠানের যান ব্যবহারের অনুমতি কেউ দিতেও পারেন না। এটি বোধ হয় ট্রাকচালক কাউকে না জানিয়ে নিজে থেকেই করেছেন।ব্যক্তিমালিকানাধীন টিলা কাটতে এভাবে সিটি করপোরেশনের ট্রাক ব্যবহার করা পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণ ফাঁকি দেওয়ার একটি নতুন কৌশল বলে জানান অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা সরেজমিনে খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেব।’ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া টিলা কাটা অবৈধকাজ। এই কাজে এ রকম ট্রাক ব্যবহারও অবৈধ। এ কাজ হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।