সিলেটে সিবিএ নেতা খুনের ঘটনায় তদন্ত শুরু
সিলেটে জালালাবাদ গ্যাসের সিবিএ নেতা আবু তাহের হত্যাকাণ্ডে গতকাল শুক্রবার পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে ঘটনার পরপরই সিলেট কোতোয়ালি থানায় পুলিশের দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে পুলিশ খুনিদের শনাক্ত করার চেষ্টা চালিয়েছে। ২৪ ঘণ্টায় জালালাবাদ সিবিএর ১০ জন নেতাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাঁদের পুলিশ পর্যবেক্ষণের মধ্যে রেখেছে।পুলিশ সূত্র জানায়, সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্তকে ঘটনার প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। এদিকে ঘটনার সময় তাহেরের সঙ্গে থাকা সহকর্মী ও সিবিএর যুগ্ম সম্পাদক ফজলুল বারীকে পুলিশ পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছেন।মামলা না হওয়া প্রসঙ্গে উপপরিদর্শক নারায়ণ দত্ত প্রথম আলোকে বলেন, ‘নিহতের পরিবার দাফনের জন্য বাড়িতে থাকায় মামলা করতে তাঁদের পক্ষ থেকে দেরি হচ্ছে।’ পুলিশের তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, ‘উল্লেখযোগ্য সংখ্যক সিবিএ নেতাদের জিজ্ঞাসাবাদ করার মধ্য দিয়ে ইতিমধ্যে ঘটনার সন্দেহভাজন চিহ্নিত করা হয়েছে। মামলা হলে তাঁদের মাধ্যমে পরবর্তী তদন্ত চালানো হবে।’ গত বৃহস্পতিবার নগরের রায়নগরে জালালাবাদ গ্যাসের স্টাফ কোয়ার্টার থেকে অফিসে যাওয়ার পথে নগরের ঝরনারপাড়ের মাজারের পাশে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে খুন হন জালালাবাদ গ্যাসের কর্মচারী লীগের সভাপতি আবু তাহের। অর্থমন্ত্রীর শোক: আবু তাহের সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, ‘অস্বাভাবিক ও মর্মান্তিক এ মৃত্যু সত্যিই দুঃখজনক।’ যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভ: জেলা ও মহানগর যুবলীগ-ছাত্রলীগ যৌথভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। গতকাল বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশ করে।