সিলেটে সিবিএ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
সিলেটে জালালাবাদ গ্যাসের সিবিএ সভাপতি আবু তাহের হত্যা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জালালাবাদ গ্যাসের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। হত্যা ঘটনার প্রায় তিন সপ্তাহ পর গোয়েন্দা পুলিশ গত মঙ্গলবার রাতে ঢাকার টঙ্গী থেকে তাঁকে গ্রেপ্তার করে সিলেট নিয়ে আসে। তাঁর নাম মোবাশ্বির হোসেন (৩৫)। তিনি জালালাবাদ গ্যাসের বিয়ানীবাজার আঞ্চলিক কার্যালয়ে সহকারী গাড়িচালক। গতকাল বুধবার মোবাশ্বিরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল আউয়াল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিন থেকে তাঁর কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে মোবাশ্বিরকে সন্দেহ করা হয়। কোনো আত্মীয়স্বজন না থাকা সত্ত্বেও তিনি ঢাকার টঙ্গীতে অবস্থান করছিলেন। গ্রেপ্তার অভিযানকালে তাঁকে অনেকটা দুঃশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল।’আবু তাহের অফিসে যাওয়ার সময় নগরের ঝরনারপাড় এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে খুন হন। এ ঘটনায় মেয়ে আফরোজা জাহান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্তের জন্য মামলাটি নগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।