সিলেটে সুরম্য ভবনে আইনজীবী সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ২২ এপ্রিল। ৫ নম্বর বারের টিনশেড ভবনের ওপর একটি রেইনট্রিগাছ ভেঙে পড়লে পুরো ভবনটি বিধ্বস্ত হয়। আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ কে এম শমিউল আলমের নেতৃত্বে তখনকার কমিটি বার হলটি পুনর্নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন করে। ২০১১ সালের ১৮ মে সরকারি অর্থায়নে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ২১ হাজার ৮৮৩ দশমিক ৭২ বর্গফুট পরিসরের ৫ তলাবিশিষ্ট ভবন নির্মাণ সম্পন্ন হলে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী নিজে সেটি উদ্বোধন করেন। সুরম্য এ ভবন ছাড়াও আরও নয়টি উন্নয়ন প্রকল্পকাজের উদ্বোধন করেছেন তিনি।
নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আদালতপাড়া ছিল উৎসবমুখর। নবীন-প্রবীণ আইনজীবীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে স্মৃতিতাড়িত হয়ে পড়েন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘স্কুলজীবনে প্রায়ই আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিতাম। সে সময় শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা নিয়ে অন্য রকম উচ্ছ্বাস বিরাজ করত।’
আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মো. জোবায়ের বখতের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম আবদুল মোমেন ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সরকারি কৌঁসুলি (জিপি) খাদেমুল মিল্লাত মো. জালাল ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রীর হাতে আইনজীবী সমিতির শুভেচ্ছা স্মারক তুলে দেন আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এর আগে আদালত প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে অর্থমন্ত্রী সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘উদ্দীপন’, শাহি ঈদগাহের মিনার কমপ্লেক্স, কবি দিলওয়ারসহ বিশিষ্টজনের নাম-সংবলিত সিটি করপোরেশনের নির্মিত চারটি সড়ক, সংস্কৃত কলেজের নতুন ভবন, পিডিবি-১-এর ভবন, লাক্কাতুরা চা-বাগানে নতুন সরকারি উচ্চবিদ্যালয়, বাদাঘাট পল্লী বিদ্যুৎ সাবস্টেশন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন, রাখালগুল প্রাথমিক বিদ্যালয় ও জৈনকারকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উন্নয়নকাজের সূচনা করেন।